রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে বঙ্গভবনে কাদের সিদ্দিকী

বঙ্গভবনে প্রবেশের আগে কাদের সিদ্দিকীনতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন ইস্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠকের জন্য কৃষক শ্রমিক জনতা লীগের চেয়ারম্যান কাদের সিদ্দিকীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গভবনে প্রবেশ করেছেন। বুধবার বিকাল সাড়ে চার টায় তারা বঙ্গভবনে আসেন।

দলের চেয়ারম্যান কাদের সিদ্দিকীর নেতৃত্বে এই প্রতিনিধি দলে রয়েছেন নাসরিন সিদ্দিকী, দলের সেক্রেটারি হাবিবুর রহমান বীর প্রতীক, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, কেন্দ্রীয় কমিটির সদস্য প্রিন্সিপাল আবদুর রশীদ, আবদুল হালিম সরকার লাল, হাশমত আলী, ফরিদ আহমেদ প্রমুখ।

ইসিতে নারী সদস্য নিয়োগে জোর দেবে কৃষক শ্রমিক জনতা লীগ

দলটির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইকবাল সিদ্দিকী মঙ্গলবার বাংলা ট্রিবিউনকে বলেছেন, এই বৈঠকে তারা এক থেকে দেড় পৃষ্ঠার একটি লিখিত প্রস্তাবনা রাষ্ট্রপতিকে দেবেন। দলটির নেতারা জানান, সংলাপে তারা রাষ্ট্রপতিকে কিছু বিষয় স্মরণ করিয়ে দেবেন। তবে নির্বাচন কমিশনে যেন আবশ্যিকভাবে একজন নারী কমিশনার নিযুক্ত করা হয়, এ বিষয়ে জোরালো আহ্বান জানাবেন।

জানতে চাইলে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইকবাল সিদ্দিকী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা একটি লিখিত প্রস্তাব দেব রাষ্ট্রপতিকে। তার অবস্থান থেকে ব্যক্তিগত চাওয়া-পাওয়ার কিছু থাকে না। তার সদিচ্ছা থাকলে দেশে মঙ্গল কিছু হবে। রাষ্ট্রপতি দেশের বর্তমান অবস্থা সম্পর্কে জানেন, তার কাছ থেকেই সিদ্ধান্ত আশা করি।’

 এসটিএস /এপিএইচ/
আরও পড়ুন: 
আস্থাহীনতা দূর করুন: রাষ্ট্রপতিকে এলডিপি