প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা হোসেন পুতুল আশা প্রকাশ করে বলেছেন, প্রতিবন্ধীদের সহযোগিতা বিষয়ে ভবিষ্যতে সারাবিশ্বে নেতৃত্ব দেবে বাংলাদেশ। তিনি বলেন, প্রতিবন্ধিতাদের সহযোগিতা বিষয়ে বিশ্ব এখন যা চিন্তা করছে আমরা ইতোমধ্যেই তা করে দেখিয়েছি। আমরা প্রতিবন্ধিতাবান্ধব কর্মসূচি বিষয়ে ভবিষ্যতে বিশ্বে নেতৃত্ব দিতে চাই।
বুধবার সচিবালয়ে প্রতিবন্ধিতাবান্ধব দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন উপলক্ষে আয়োজিত জাতীয় টাস্কফোর্সের প্রথম সভায় তিনি এ মন্তব্য করেন।
আগামী বছরের ডিসেম্বরে ঢাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিশ্বের সব দেশের প্রতিবন্ধী সংস্থাসহ বিদেশি সংস্থার অতিথিদের এ সম্মেলনে আমন্ত্রণ জানানো হবে।
প্রতিবন্ধিতাবান্ধব দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় টাস্কফোর্সের আহ্বায়ক সায়মা হোসেন পুতুল বলেন, দুর্যোগ ব্যবস্থাপনার সব ক্ষেত্রে প্রতিবন্ধী জনগোষ্ঠীর নিরাপত্তা, অংশগ্রহণ ও ক্ষমতায়ন বিবেচনা করতে হবে।
তিনি বলেন, প্রতিবন্ধীরা এমনিতেই ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী। দুর্যোগে তারা আরও ঝুঁকিতে থাকেন। তাই তাদের নিরাপদ আশ্রয়দান, উদ্ধার ও পুনর্বাসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে টাস্কফোর্সের আহবায়ক সায়মা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, টাস্কফোর্সের সদস্য সচিব এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. শাহ্ কামাল, স্বাস্থ্য সচিব, স্থানীয় সরকার সচিবসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় কমিটির কাঠামো পরিবর্তন করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীকে কমিটির চেয়ারম্যান এবং সায়মা হোসেনকে কমিটির প্রধান উপদেষ্টা করা হয়।
অনুষ্ঠানে মোফাজ্জল হোসেন মায়া জানান, আমাদের দেশে ১৫ লাখ প্রতিবন্ধী আছে। এদের মধ্যে ১০ থেকে ১৫ শতাংশ জন্মগত প্রতিবন্ধী। বাকিরা বিভিন্ন রোগে ট্রমাগ্রস্ত হয়ে বা বিভিন্ন কারণে প্রতিবন্ধী হয়ে যায়। এদেরকে প্রশিক্ষণ দিয়ে দুর্যোগলীন ঝুঁকি কমিয়ে আনা হবে।
/এসএমমএ/টিএন/