ইটভাটার কার্যক্রম বন্ধে রাজধানীতে নাগরিক সমাবেশ

টাঙ্গাইলের শিয়ালকোলে আঁখি ব্রিকস ইটভাটার সব কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধের দাবিতে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও গ্রিন ভয়েসের সহযোগিতায় লেখক কলামিস্ট আবুল মকসুদের সভাপতিত্বে এই নাগরিক সমাবেশ হয়।

নাগরিক সমাবেশসমাবেশে বক্তারা বলেন, ‘ভূঞাপুর থানা প্রশাসনের অনুমতি ব্যতীত পৌরসভা এলাকায় ইটভাটা স্থাপন করছে ভূমিদস্যু নুরে আলম। যার ফলে আশেপাশের কৃষি জমিগুলোর ব্যাপক ক্ষতি হচ্ছে, এবং ভবিষ্যতে আরও ক্ষতি হওয়ার সম্ভবনা আছে।’

বাপার যুগ্ম সম্পাদক শরিফ জামাল বলেন, ‘আঁখি ব্রিকস একটা উদাহারণ মাত্র, সারাদেশে হাজার হাজার অনুমোদনহীন ইট ভাটা আছে। যেখানে প্রশাসনের উচিৎ এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, সেখানে তারাই সাহায্য করছে এই ভাটা মালিকদের। এইভাবে চলতে থাকলে ২০৫০ সালের পর কোনও কৃষি জমি থাকবেনা।’

সভাপতির বক্তব্যে কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘দেশের যেখানে সেখানে এ ধরণের ইটভাটা গড়ে উঠার ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। সারা দেশে পরিবেশ দূষণ ভয়াবহ আকার ধারণ করেছে।’

আঁখি ব্রিকস সম্পর্কে তিনি বলেন, ‘মালিকের পাশাপাশি যে প্রশাসন তাদের সাহায্য করেছে, তারা সবাই অপরাধী। তাদের আইনের আওতায় আনতে হবে, দেশের পরিবেশ রক্ষা করতে হবে।’

সমাবেশে এলাকার সাধারণ নাগরিকসহ পরিবেশ নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

/আরএআর/এমও/