রাজধানীর পূর্ব আশকোনায় জঙ্গিবিরোধী অভিযানের সময় উদ্ধার হওয়া শিশু সাবিনা ওরফে সামিনা ওরফে আফিফা (৭) শারীরিক অবস্থা আগের চেয়ে একটু ভালো। তবে সে এখনও আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল সূত্র থেকে জানা গেছে, শিশুটির জ্ঞান ফিরেছে, ডাকলে সে তাকাচ্ছেও। পেটে বড় ধরনের অপারেশন হওয়ায় মুখে খাবার না দিয়ে তাকে স্যালাইন দেওয়া হচ্ছে। তবে এখনও তাকে দেখতে পরিবারের কেউ আসেনি বলে জানা গেছে হাসপাতালসূত্রে।
প্রসঙ্গত, গত শুক্রবার গভীর রাতে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট দক্ষিণখান থানার পূর্ব আশকোনার ৫০ নম্বর বাড়িতে অভিযান চালায়। অভিযানে এক নারী ও এক কিশোর নিহত হয়। পুলিশের আহ্বানে সাড়া দিয়ে সন্তানসহ দুই নারী আত্মসমর্পণ করেন। তবে সারিকা নামে এক নারী পরনের সুইসাইডাল ভেস্টের বিস্ফোরণ ঘটিয়ে মারা যান। এসময় আহত হয় তার সঙ্গে থাকা শিশুকন্যা।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার পর শিশুটি তার নাম সাবিনা বলে সবাইকে জানায়। শনিবার বিকালে ঢামেকের ক্যাজুয়ালটি বিভাগের কনসালটেন্ট ডা. মো. আশরাফউদ্দীন খানের নেতৃত্বাধীন ৫ সদস্যের চিকিৎসক দল তার অপারেশন করে। বিকাল থেকে রাত পর্যন্ত প্রায় ৫ ঘণ্টা ধরে ৭ বছরের সাবিনার অপারেশন হয় বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন ঢামেকের ক্যাজুয়ালটি বিভাগের আবাসিক সার্জন ডা. জেসমিন নাহার।
সাবিনার চিকিৎসক ডা. আশরাফউদ্দীন খান বাংলা ট্রিবিউনকে শনিবার জানিয়েছিলেন, শিশুটির বেশ কিছু আঘাত রয়েছে। মাল্টিপল স্প্লিন্টারের আঘাত রয়েছে তার শরীরে। খাদ্যনালীর ১০ থেকে ১২টি জায়গা ছিড়ে গেছে। স্প্লিন্টারের আঘাতে তার বাম হাতের হাড় ভেঙ্গে গেছে।
শনিবার তিনি বলেছিলেন, ‘প্রায় ৫ ঘণ্টা ধরে তার অপারেশন হয়েছে। ৭২ ঘণ্টার আগে সে আশঙ্কামুক্ত বলা যাবে না। তার বেশ বড় একটি অপারেশন হয়েছে। আমরা আশা করছি, সে রিকভারি করবে। কিন্তু তার বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে এবং অপারেশনটা হয়েছে পেটে। আমাদের আশঙ্কা, এখান থেকে ইনফেকশন হয়ে যে কোনও সময় তার অবস্থা খারাপ হতে পারে।’
তবে দু’দিন পর সাবিনার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন ডা. আশরাফউদ্দীন খান। আজ সোমবার বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘সাবিনা আগের চেয়ে একটু ভালো আছে। তবে অপারেশনের পর তিন দিন না যাওয়ায় তাকে কোনও খাবার দেওয়া হয়নি।’ তিনি আরও বলেন, ‘শিশুটি এখন পর্যন্ত ভালো আছে। কিন্তু তার অবস্থা যে আবার খারাপ হবে না সেই আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যে কোনও সময় অবস্থা খারাপ হতে পারে।’ তবে আগের চেয়ে তার অবস্থা ‘অনেক বেটার’ বলেও মন্তব্য করেন তিনি। শিশুটিকে দেখতে তার পরিবারের কেউ এসেছিল কিনা জানতে চাইলে ডা. আশরাফউদ্দীন খান বলেন, ‘সে তো পুলিশ পাহারায় আছে। পরিবারের কেউ তাকে দেখতে আসেনি।’
এদিকে, শিশুটি এখনও পোস্ট অপারেটিভে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. খাজা আব্দুল গফুর। তিনি বলেন, ‘ওর অনেক বড় একটা অপারেশন হয়েছে। ধাক্কা সামলাতে একটু সময় লাগবে। তবে জ্ঞান ফিরেছে। ডাকলে ধীরে ধীরে তাকাচ্ছে, তবে তেমন কথা বলছে না।’
আরও পড়ুন:
দুই নারী জঙ্গির ৭ দিনের রিমান্ড মঞ্জুর
ময়নাতদন্তের প্রতিবেদন: গুলিবিদ্ধ হয়ে মৃত্যু আফিফের
/এএআর/আপ-এআর/