নির্বাচন কমিশনে সংখ্যালঘু প্রতিনিধিত্ব নিশ্চিতের দাবি

সংখ্যালঘু সংগঠনগুলোর জাতীয় সমন্বয় কমিটির অবস্থান কর্মসূচিনির্বাচন কমিশনে (ইসি) সংখ্যালঘু প্রতিনিধিত্ব নিশ্চিতের দাবি জানিয়েছে ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু সংগঠনগুলোর জাতীয় সমন্বয় কমিটি। শনিবার (৩১ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে এ দাবি জানান বক্তারা।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, ‘এর আগে অনুষ্ঠিত দেশের জাতীয় সংসদ নির্বাচনসহ জনপ্রতিনিধি নির্বাচনগুলোর আগে-পরে সংখ্যালঘু জনগোষ্ঠীকে যে অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে তা দুঃখজনক। এমন কোনও নির্বাচন নেই যে নির্বাচনে সংখ্যালঘুরা অহেতুক নিগৃহ, নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়নি। অতীতে গঠিত নির্বাচন কমিশনগুলো বরাবরই নির্বাচনের আগে-পরে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিলেও তা কেবল আশ্বাস হয়েই থেকে গেছে। বাস্তবে তা কার্যকর হয়নি। এ কারণে যেকোনও নির্বাচনই এখন সংখ্যালঘু জনগোষ্ঠীর কাছে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে।’
নির্বাচন নিয়ে দেশের সংখ্যালঘু জনগোষ্ঠী ক্রমশ আস্থা হারিয়ে ফেলছেন জানিয়ে বক্তারা বলেন, ‘এই আস্থা হারানোটা গণতন্ত্রের জন্য শুভ নয়। নির্বাচনি ব্যবস্থার ওপর যাতে ধর্মীয় ও অন্যান্য সংখ্যালঘু জাতিগোষ্ঠী আস্থা রাখতে পারে সেটা নিশ্চিত করতে হবে।’
এ সময় নির্বাচন কমিশনে সংখ্যালঘু সম্প্রদায়ের অংশীদারিত্ব ও প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন জানান সংখ্যালঘু সংগঠনগুলোর জাতীয় সমন্বয় কমিটির নেতারা। পাশাপাশি সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করে যুক্ত নির্বাচনের ভিত্তিতে জাতীয় সংসদে ৬০টি আসন সংখ্যালঘুদের জন্য সংরক্ষণের দাবিও জানান তারা।
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও সমন্বয় কমিটির সমন্বয়ক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন। এ সময় বেশ কয়েকটি সংগঠনের ব্যানারে সংখ্যালঘুরা অংশগ্রহণ করেন।

/আরএআর/টিআর/