রোহিঙ্গা সংকটের সমাধানে সরকারকে জাতিসংঘে প্রস্তাব পাঠানোর আহ্বান

গোলটেবিল আলোচনায় উপস্থিত অতিথি ও বক্তারামিয়ানমারের রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের জন্য বাংলাদেশ সরকারকে জাতিসংঘে প্রস্তাব পেশ করার আহ্বান জানিয়েছেন সাবেক ধর্ম ও পানি সম্পদমন্ত্রী ও বাংলাদেশ লিবারেল ডেমোক্রেট পার্টির (বিএলডিপি) চেয়ারম্যান এম. নাজিম উদ্দিন।
রবিবার (০৮ জানুয়ারি) জাতীয় প্রেসক্লবের ভিআইপি লাউঞ্জে দুপুর ১ টায় আয়োজিত এক গোলটেবিল আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। আলোচনা সভাটির আয়োজন করে রোহিঙ্গা মুসলিম নির্যাতন প্রতিরোধ আন্দোলন।
সভায় এম. নাজিম উদ্দিন বলেন, ‘মায়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর যে নিষ্ঠুর নির্যাতন হচ্ছে তার বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। শুধুমাত্র বাংলাদেশের একক প্রচেষ্টায় এ সমস্যার সমাধান হবে না। তাই এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য বাংলাদেশ সরকারকে জাতিসংঘে একটি প্রস্তাব পেশ করার আহ্বান জানাছি।’
নাজিম উদ্দিন বলেন, ‘প্রাথমিক পর্যায়ে নির্যাতিতদের জন্য ত্রাণ দেওয়ার ব্যবস্থা করতে হবে। এর জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। যে যার মতো করে এগিয়ে এলে প্রাথমিকভাবে এই অসহায় মানুষদের কিছুটা সাহায্য করা যাবে।’
এ সময় বিএলডিপি চেয়ারম্যান জাতিসংঘ ও ওআইসির সমালোচনা করে বলেন, ‘ওআইসি কে বানিয়েছে? তারা কি দায়িত্ব পালন করছে? এত মানুষ মেরা ফেলা হচ্ছে তারা কি এর বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহণ করেছে? আমি জাতিসংঘকে বলতে চাই পূর্ব তিমুর খ্রিস্টান প্রধান দেশ হওয়ায় আপনাদের এটিকে স্বাধীন করে দিয়েছেন। কিন্তু আজ মিয়ানমারের রোহিঙ্গারা মুসলিম হওয়ায় একটি পিস কিপিং বাহিনীও পাঠাচ্ছেন না, এই আপনাদের মানবতা?’
আয়োজক সংগঠনের আহবায়ক হযরত মাওলানা জাফরুল্লা খাঁনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আর অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। গোলটেবিল আলোচনায় আরও বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সমন্বয়ক আহসান উল্লাহ শামীম, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম ও মুক্তিযোদ্ধা রুহুল আমিন চিশতী প্রমুখ।

/আরএআর/টিআর/টিএন/