গাজীপুরের শ্রীপুর থেকে জয়দেবপুর পর্যন্ত তিন কিলোমিটার সড়কের প্রায় সাড়ে ১৩ হাজার গাছ কাটার অনুমোদন দিয়েছে সরকার। তিতাস গ্যাসের সঞ্চালন পাইপলাইন বসানোর স্বার্থে সরকার এ উদ্যোগ নিয়েছে। ৯ জানুয়ারি সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই বৈঠকে সভাপতিত্ব করেন।
সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘সভায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের শ্রীপুর থেকে জয়দেবপুর পর্যন্ত সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্প বাস্তবায়নের জন্য বন বিভাগের প্রাকৃতিক ও সৃজিত বনের বৃক্ষ কর্তন ও অপসারণের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। তিন কিলোমিটার জুড়ে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। প্রকল্প এলাকা থেকে মোট ১৩ হাজার ৩৫৬টি গাছ কাট হবে। এর মধ্যে বিক্রিযোগ্য গাছ ৪ হাজার ১১টি এবং চারা গাছ ৯ হাজার ৩৪৫টি।
জাতীয় স্বার্থে এ অনুমোদন দেওয়া হয়েছে। তবে শর্ত দেওয়া হয়েছে এর বিনিময়ে তিতাস গ্যাসকে দ্বিগুণ গাছ লাগাতে হবে।’
এছাড়া সভায় যশোর-২ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তফা মোহাম্মদ ফারুকের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
/এসআই/এসএনএইচ/টিএন/