পাঠ্যবইয়ে ভুল থাকায় দায়িত্বে অবহেলার অভিযোগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি)-এর দুই কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। এছাড়া এই ঘটনায় তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।
অন্যদিকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের বইয়ের ভুলক্রটি নিয়ে মঙ্গলবার বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং আহ্বান করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
সোমবার (৯ জানুয়ারি) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সুবোধ চন্দ্র ঢালী এ তথ্য জানান।
অভিযুক্তরা হচ্ছেন এনসিটিবি’র প্রধান সম্পাদক প্রীতিশ কুমার সরকার এবং ঊর্ধ্বতন কর্মকর্তা লানা হুমায়রা খান।
সুবোধ চন্দ্র ঢালী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পাঠ্যবইয়ে ভুলের বিষয়ে প্রাথমিক তদন্তে এই দুই কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে অবহলোর অভিযোগ পাওয়া গেছে। এ কারণে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাদের আজ সোমবার ওএসডি করেছে শিক্ষা মন্ত্রণালয়।’
ঢালী বলেন, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রুহী রহমানকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে মন্ত্রণালয়। কমিটি আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে মন্ত্রণালয়ে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের অধীনে প্রকাশিত ২০১৭ সালের পাঠ্যপুস্তকে ভুলত্রুটি নির্ণয় ও এসব ভুলত্রুটির জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে এ কমিটিকে।
কমিটির অন্য দুই সদস্য হলেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মাহমুদুল ইসলাম এবং মাউশির (মাধ্যমিক) মো. ইলিয়াস হোসেন।
/এসএমএ/টিএন/
আরও পড়ুন:
প্রাথমিক ও নিম্নমাধ্যমিকের পাঠ্যবইয়ে ভুল বানান ও বিকৃতির ছড়াছড়ি
‘বিধর্মী’ আখ্যায়িত করে এনসিটিবি চেয়ারম্যানের পদত্যাগ দাবি চরমোনাই পীরের