সাভারে বন্দুকযুদ্ধে নিহতের নাম আনোয়ার হোসেন

বন্দুকযুদ্ধ

সাভারের কাউন্দিয়া এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তির নাম আনোয়ার হোসেন (৪২)। তাকে ডাকাত দল গাংচিল গ্রুপের সদস্য বলে চিহ্নিত করেছে র‌্যাব। গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে।

বুধবার ভোর পৌনে ৫টার দিকে এই গোলাগুলির ঘটনা ঘটে। র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান এ তথ্য জানান। এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছে বলেও জানান তিনি।

ঘটনাস্থল থেকে তিনটি পিস্তল ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলেও দাবি করেছেন র‌্যাবের এই মুখপাত্র।

এর আগে বুধবার সকালে র‌্যাব-৩ এর সিও (কমান্ডিং অফিসার) লেফটেন্যান্ট কর্নেল সরোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে কাউন্দিয়ায় রাত থেকে অভিযান চালাই আমরা। ভোর পৌনে ৫টার দিকে গাংচিলের ওই গ্রুপটির সঙ্গে গুলিবিনিময় হয়। এসময় একজন গুলিবিদ্ধ হয়। তবে তার নাম জানা যায়নি। সে গুরুতর আহত হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।’

তিনি বলেন, আমাদের দুজন সদস্যও আহত হয়েছে। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

/এআরআর/টিএন/