জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত প্রাথমিক স্তরের পাঠ্য বইয়ে ত্রুটি ও অসঙ্গতির জন্য দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এছাড়া ভুল-ত্রুটি সম্পর্কিত সার্বিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষার করার জন্য সংসদীয় সাব কমিটি গঠন করা হয়েছে। বুধবার অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সাব কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি সামশুল হক চৌধুরীকে আহ্বায়ক করে গঠিত কমিটির অন্য সদস্যরা হচ্ছেন আলী আজম ও মোহাম্মদ ইলিয়াছ। কমিটির সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
এদিকে বৈঠকে শিশুকল্যাণ ট্রাস্টের কার্যক্রম ও সার্বিক অবস্থা পর্যবেক্ষণের লক্ষ্যে কমিটির সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইনকে আহ্বায়ক এবং মো. নজরুল ইসলাম বাবু ও মো. আবুল কালামকে সদস্য করে একটি সাব-কমিটি গঠন করা হয়।
সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সভাপতি মো. মোতাহার হোসেন সভাপতিত্ব করেন। এতে কমিটির সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইন, সামশুল হক চৌধুরী, মো. নজরুল ইসলাম বাবু, মো. আবুল কালাম, আলী আজম, মোহাম্মদ ইলিয়াছ ও উম্মে রাজিয়া কাজল অংশ নেন।
কমিটি বিদ্যালয়ের শূন্য পদগুলো দ্রুত নিয়োগ, প্রয়োজনীয়তার ভিত্তিতে বিদ্যালয়গুলোতে দুই শিফ্ট চালু এবং বিদ্যালয় পরিদর্শন কার্যক্রম জোরদার করণসহ কেন্দ্রীয়ভাবে বিদ্যালয় পরিদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করে।
কমিটির সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইন বলেন, ভুলের বিষেয় পাঠ প্রশাসন থেকে তথ্য সংগ্রহ করতে মন্ত্রণালয়কে বলা হয়েছে। এ বিষয়ে বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, গণমাধ্যমে পাঠ্যপুস্তকে ভুল ও অসঙ্গতির বিষয়ে বিচ্ছিন্নভাবে সংবাদ আসছে। বাস্তবে পাঠ্যপুস্তকে কী ধরনের সমস্যা রয়েছে, তার পূর্ণাঙ্গ তথ্য দরকার। এজন্য আমরা প্রাথমিক শিক্ষার মাঠ পর্যায়ের চিঠি দিতে বলেছি। তারা বিষয়টি খতিয়ে দেখে প্রতিবেদন দেবেন।
প্রাথমিকের জন্য পৃথক শিক্ষা বোর্ড ও এনসিটিবির আদলে প্রথামিকের পাঠ্যপুস্তকসহ শিক্ষা উপকরণ প্রণয়নের জন্য আলাদা প্রতিষ্ঠান স্থাপনের সুপারিশ পুনর্ব্যক্ত করা হয়েছে বলে জাহাঙ্গীর হোসাইন জানান।
/ইএইচএস/এমএনএইচ/