ইসি কার্যালয়ের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ জানিয়েছেন, বর্তমান কমিশনের সব সদস্যের মেয়াদ ফেব্রুয়ারির প্রথমার্ধে শেষ হচ্ছে। বিদায়ের আগে নিজেদের মেয়াদে কমিশনের কার্যক্রম ও সার্বিক অগ্রগতি তুলে ধরতে ইসি সদস্যরা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়েছেন।
৫ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির সঙ্গে এবং ৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় চাওয়া হয়েছে জানিয়ে ইসি সচিব বলেন, ‘বিদায়ের আগে বর্তমান কমিশনের এটা হবে একটা সৌজন্য সাক্ষাৎ।’
২০১২ সালে তৎকালীন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর সার্চ কমিটির সুপারিশে বর্তমান কমিশন সদস্যদের পাঁচ বছরের জন্য নিয়োগ দিয়েছিলেন। সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ, তিন কমিশনার কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক, আবু হাফিজ ও জাবেদ আলী ৮ ফেব্রুয়ারি এবং আরেক কমিশনার মো. শাহনেওয়াজ ১৪ ফেব্রুয়ারি বিদায় নেবেন।
/ইএইচএস/এমএনএইচ/