বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকাল ৪টায় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। একাডেমির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ খবর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান এবং আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন উদযাপন পর্ষদের পক্ষে সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, কবি আসাদ চৌধুরী, কবি মুহম্মদ নূরুল হুদা প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সাহিত্য সম্মেলনের উদ্বোধন ঘোষণা করবেন। সংবাদ সম্মেলনে অধ্যাপক শামসুজ্জামান খান বলেন, এ সম্মেলনে দেশের ছয় জন বিশিষ্ট লেখক-বুদ্ধিজীবীকে ‘আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন লেখক সম্মাননা ২০১৭’ দেওয়া হবে। তারা হলেন— জাতীয় অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম, রবীন্দ্র গবেষক আহমদ রফিক, ইমেরিটাস অধ্যাপক ড. রফিকুল ইসলাম, অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী ও ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান।
সম্মেলনের শেষ তিন দিনে কবিতা, কথাসাহিত্য, প্রবন্ধ-সাহিত্য, মুক্তিযুদ্ধের সাহিত্য, অনুবাদ-সাহিত্য, নাট্যসাহিত্য, শিশু-কিশোর সাহিত্য, ফোকলোর বিষয়ে কয়েকটি অধিবেশন অনুষ্ঠিত হবে। সম্মেলনে বাংলাদেশ ও ভারতের লেখকদের উপস্থাপিত প্রবন্ধের সংকলন যুগপৎ ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
/টিআর/