রাষ্ট্রপতির সঙ্গে রেড ক্রিসেন্ট সোসাইটির নব নির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে রেড ক্রিসেন্টের ব্যবস্থাপনা পর্ষদের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে বৃহস্পতিবার বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নব নির্বাচিত ব্যবস্থাপনা পর্ষদ। রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন সংস্থাটির চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার।এ সময়ে সোসাইটির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মো. হাবিবে মিল্লাত এমপি, ট্রেজারার অ্যাডভোকেট তৌহিদুর রহমানসহ ব্যবস্থাপনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংস্থাটির আন্তর্জাতিক সম্পর্ক ও যোগাযোগ বিভাগের সহকারী পরিচালক খন্দকার এনায়েতুল্লাহ একরাম পলাশ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাৎকালে তারা রাষ্ট্রপতিকে সোসাইটির কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং দায়িত্ব পালনে তার সহযোগিতা কামনা করেন। তারা আগামী ৫-৬ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় পার্টনারশিপ মিটিং সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ মিটিংয়ে আইএফআরসি, আইসিআরসিসহ ১২ দেশের রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধি, বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং দেশের বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন বলে আশা করা যাচ্ছে। প্রসঙ্গত: রাষ্ট্রপতি পদাধিকার বলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি।

রাষ্ট্রপতি তাদের বক্তব্য শোনেন এবং নতুন ব্যবস্থাপনা পর্ষদকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি মানবিক কাজে রেড ক্রিসেন্ট সোসাইটির ভূমিকার প্রশংসা করেন।

/টিএন/