‘খুলি না পাঠালেও মেডিক্যাল রিপোর্ট পাঠিয়েছিলাম’

ফটো সাংবাদিক জিয়া ইসলাম ও অ্যাপোলো হাসপাতাল, ঢাকা

‘আমরা সেদিন রোগীর মাথার খুলির একাংশ পাঠাইনি, এটা সত্যি। তবে রোগীর সঙ্গে তার পুরো মেডিক্যাল রিপোর্ট দেওয়া হয়েছিল, যেখানে লেখা ছিল যে রোগী জিয়া ইসলামের মাথার খুলির একাংশ আমাদের বোন ব্যাংকে সংরক্ষণ করা আছে।’ অস্ত্রোপচারের পর ফটো সাংবাদিক জিয়া ইসলামের মাথার খুলির একাংশ রয়ে যাওয়া নিয়ে এমন ব্যাখ্যা দিয়েছেন অ্যাপোলো হাসপাতালের মেডিক্যাল সার্ভিসেস বিভাগের সিনিয়র জেনারেল ম্যানেজার ডা. আরিফ মাহমুদ।

সিঙ্গাপুরের গ্লেনইগলস হাসপাতাল খুলির একাংশ নিয়ে যাওয়ার মতো যথাযথ ব্যবস্থা সঙ্গে করে নিয়ে আসেনি বলেও মন্তব্য করেছেন তিনি।

ডা. আরিফ মাহমুদ বলেন, ‘রোগী হস্তান্তরের সময় খুলির বিষয়ে মৌখিকভাবে কোনও আলোচনা হয়নি। এটা ভুল হয়ে থাকলে দুই হাসপাতালেরই ভুল। তবে সিঙ্গাপুরের হাসপাতাল যেহেতু আমাদের কাছে চায়নি, তাই স্বাভাবিক নিয়মেই আমাদের কাছে এটা থেকে গিয়েছে।’

প্রসঙ্গত, সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত একটি জাতীয় দৈনিকের প্রধান ফটো সাংবাদিক জিয়া ইসলামকে উন্নত চিকিৎসার জন্য গত ১৩ জানুয়ারি সিঙ্গাপুরে পাঠানো হলেও তার মাথার খুলি রয়ে গিয়েছিল ঢাকার অ্যাপোলো হাসপাতালে। সিঙ্গাপুরের গ্লেনইগলস হাসপাতালের চিকিৎসকরা বিষয়টি নজরে আনার ১৩ দিন পর সেই খুলি আরেক রোগীর সঙ্গে পাঠানো হয়। নিয়ম অনুযায়ী, নিউরো সার্জারির রোগীর অস্ত্রোপচারের মাধ্যমে মাথার খুলি বা খুলির অংশ অপসারণের প্রয়োজন হলে তা শরীরের সঙ্গেই সংযুক্ত রাখতে হয় বা হাসপাতালের ফ্রিজে নির্দিষ্ট তাপমাত্রায় রাখতে হয়। কিন্তু হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রোগীকে স্থানান্তরের সময় তা রোগীর সঙ্গে দিয়ে দিতে হয়।

শনিবার এ বিষয়ে বাংলা ট্রিবিউনে ‘রোগী গিয়েছে সিঙ্গাপুরে, মাথার খুলি ছিল ঢাকার অ্যাপোলোতে!’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে আজ রবিবার অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে তাদের অবস্থান ব্যাখ্যা করে।

অ্যাপোলো হাসপাতালের পক্ষে নিজ কক্ষে বসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডা. আরিফ মাহমুদ। এসময় অ্যাপোলো হাসপাতালের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক মো. এনায়েত উল্লাহ খান এবং ডেপুটি জেনারেল ম্যানেজার আখতার জামিল আহমেদ উপস্থিত ছিলেন।

ডা. আরিফ মাহমুদ বলেন, ‘ফটো সাংবাদিক জিয়া ইসলামকে নিতে গ্লেনইগলস হাসপাতাল থেকে যারা এসেছিলেন, তাদেরকে জিয়ার প্রিভিয়াস সব রেকর্ড পেপার বুঝিয়ে দেওয়া হয়েছে। সেখানে লেখা ছিল যে, জিয়ার মাথার খুলির একাংশ আমাদের হাসপাতালের বোন ব্যাংকে সংরক্ষিত আছে।’

গত ১১ জানুয়ারি ঢাকার পান্থপথের কাছে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন জিয়া ইসলাম। জরুরি ভিত্তিতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই তার মাথায় একটি জরুরি অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের কারণে খুলে রাখতে হয় তার মাথার খুলির বাম পাশটা। কিন্তু এরপরও অবস্থার উন্নতি না হওয়ায় ১৩ জানুয়ারি এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নিয়ে গ্লেনইগলস হাসপাতালে ভর্তি করা হয় জিয়াকে।

জেএ/এএআর/টিএন/