ভারতে যাওয়ার নিশ্চিত টিকিটসহ (বিমান/সড়ক/রেল) বাংলাদেশি ভ্রমণকারীদের সরাসরি ভিসা পাওয়ার স্কিমের মেয়াদ বাড়ানো হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
রবিবার ঢাকার ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেসব বাংলাদেশি ভ্রমণকারীদের নিশ্চিত ভ্রমণ টিকিট রয়েছে তারা কোনও অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই সরাসরি ট্যুরিস্ট ভিসা পাবেন। আইভিএসি’র রাজশাহী, রংপুর, সিলেট, চট্টগ্রাম, খুলনা, যশোর, ময়মনসিংহ এবং বরিশাল শাখায় এ সুবিধা পাবেন ভ্রমণে যেতে ইচ্ছুক বাংলাদেশিরা। এছাড়া ঢাকার আবেদনকারীরা ভ্রমণ টিকিট নিয়ে সরাসরি আইভিএসি মিরপুর শাখায় ট্যুরিস্ট ভিসার আবেদনপত্র জমা দিতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভ্রমণের তারিখ অবশ্যই আইভিএসিতে ভিসা আবেদনপত্র জমাদানের তারিখের এক মাসের মধ্যে হতে হবে। পরবর্তী বিস্তারিত তথ্য www.ivacbd.com ঠিকানায় পাওয়া যাবে।
এই প্রক্রিয়াটি ভারতের ভিসা প্রাপ্তি প্রক্রিয়া চলমান ও সহজীকরণের একটি ধারাবাহিক প্রচেষ্টা। ২০১৬ সালের অক্টোবরে মহিলা ভ্রমণকারী ও তাদের পরিবারের সদস্যদের জন্য প্রথম সরাসরি ট্যুরিস্ট ভিসা স্কিম চালু করা হয় এবং পরে ২০১৭ সালের ১ জানুয়ারি থেকে বাংলাদেশি ভ্রমণকারীকে এ স্কিমের আওতায় আনা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্কিমটি বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা প্রাপ্তি সহজ করে দিয়েছে। ভারতের নিশ্চিত টিকিটসহ (বিমান, সড়ক, রেল) বাংলাদেশি নাগরিকেরই ট্যুরিস্ট ভিসার জন্য ই-টোকেন/অনলাইন অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন নেই।
/এসএনএইচ/টিএন/