গঙ্গা ব্যারেজের পানি সুন্দরবন রক্ষায় ব্যবহার হবে: পানিসম্পদ মন্ত্রী




Anisul Islam

গঙ্গা ব্যারেজের মাধ্যমে সুন্দরবনের জীববৈচিত্র্য ও বনজ সম্পদ রক্ষা সম্ভব হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। রবিবার সংসদে এ কথা জানান তিনি।



প্রশ্নোত্তরপর্বে সরকারি দলের এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে পানিসম্পদ মন্ত্রী বলেন, গঙ্গা ব্যারেজ নির্মিত হলে গঙ্গা নির্ভর এলাকার ১২৩টি আঞ্চলিক নদীতে পানি প্রবাহ অক্ষুণ্ণ রাখা সম্ভব হবে। এর জলাধারের পানি সারা বছরের সেচ প্রকল্প, মৎস্য সম্পদ উন্নয়ন, জলবিদ্যুৎ উৎপাদন, লবণাক্ততা নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা নিরসন এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষার কাজে ব্যবহার করা হবে।
তিনি আরও বলেন, প্রতিবেশ ও পরিবেশ উন্নয়নের লক্ষ্যে সরকার গঙ্গা ব্যারেজ সমীক্ষা প্রকল্প গ্রহণ ও তা সমাপ্ত করার মাধ্যমে গঙ্গা ব্যারেজ নির্মাণ প্রকল্পের প্রস্তুতি শুরু করেছে। ইতোমধ্যে প্রকল্পের ডিপিপি প্রণয়ন করা হয়েছে। বাংলাদেশের প্রস্তাবিত গঙ্গা ব্যারেজের ভারতীয় অংশে প্রভাব নিরূপণের জন্য ৮ সদস্যের ভারতীয় কারিগরি দল গত ২৪ থেকে ২৮ অক্টোবর বাংলাদেশ ভ্রমণ করে। দু’পক্ষের আলোচনার মাধ্যমে একটি কারিগরি উপকমিটিও গঠিত হয়েছে।
সরকারি দলের নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে পানিসম্পদ মন্ত্রী বলেন, ভারতের পরিকল্পিত টিপাইমুখ বাঁধ বাংলাদেশের ওপর কতটা প্রভাব ফেলবে, তা নিরূপণের জন্য একটি যৌথ সমীক্ষা পরিচালিত হচ্ছে। সম্প্রতি ভারত জানিয়েছে, এই প্রকল্পের আঙ্গিক পরিবর্তন হতে পারে। পরিবর্তিত তথ্য উপাত্ত পাওয়ার পর সমীক্ষা চূড়ান্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
/ইএইচএস/এএআর/আপ-এমডিপি/