নেত্রকোনায় চার মানবতাবিরোধী অপরাধীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত

মো. খলিলুর রহমান, মো. আজিজুর রহমান (ওপরের সারিতে) এবং আশক আলী ও মো. শাহনেওয়াজ (নিচের সারিতে)

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেত্রকোনার মো. খলিলুর রহমানসহ (৭২) চার জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

সোমবার সকালে রাজধানীর ধানমণ্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান তদন্তকারী অফিসার সানাউল হক।

অন্য আসামিরা হলেন- আজিজুর রহমান (৬৫), আশক আলী (৮২) এবং মো. শাহনেওয়াজ (৮৮)।

সংবাদ সম্মেলনে তদন্ত সংস্থার প্রধান সমন্বয়কারী আব্দুল হান্নান খান বলেন, ‘মামলার আসামি ছিলেন ৫ জন। কিন্তু একজন মারা যাওয়াই এখন আসামি ৪ জন। এদের মধ্যে তিন জন আটক আছেন।’

তিনি আরও বলেন, ‘আসামিদের বিরুদ্ধে ২২ জনকে হত্যা, ১ জনকে ধর্ষণ, ১৪/১৫ বাড়িতে লুট, ৭ বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।’

আব্দুল হান্নান বলেন, ‘৫৪৬ পাতার চার ভলিউমের প্রতিবেদন আজ  প্রসিকিউশনের কাছে জমা দেওয়া হবে।’

জানা গেছে, এ মামলার তদন্ত শুরু হয় ২০১৫ সালের ৩০ এপ্রিল। মোট ৭৯ জনের সাক্ষী নেওয়া হয়েছে। যার মধ্যে দুই জন জব্দ তালিকার সাক্ষী। তদন্তে অপরাধের ধরণ, অবৈধ আটক, নির্যাতন, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগে ধ্বংস করা, ধর্ষণের চেষ্টা, ধর্ষণ, হত্যা ও গণহত্যা বিষয়টি উঠে এসেছে।

অপরাধ সংগঠনের স্থান নেত্রকোনা জেলার দূর্গাপুর ও কমলাকান্দা থানার বিভিন্ন এলাকা।

আরও জানা গেছে, আসামি খলিলুর রহমান ১৯৭১ সালে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের সদস্য ছিলেন। পরবর্তীতে চন্ডিগড় ইউনিয়নের আল বদর বাহিনীর কমান্ডার হিসেবে নিযুক্ত হন। আসামিরা চার জনই বর্তমানে জামায়াতে ইসলামীর সমর্থক।

এটা তদন্ত সংস্থার ৪৬তম তদন্ত প্রতিবেদন। এছাড়া আরও ২৮টি মামলা তদন্তনাধীন আছে।

/ইউআই/এসএনএইচ/