সরকারি ব্যবস্থাপনায় হজে জনপ্রতি খরচ তিন লাখ ৮১ হাজার টাকা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা ছবি-পিআইডি

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজের দুটি প্যাকেজে অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। যার মধ্যে প্রথম প্যাকেজের আওতায় প্রতিজনের খরচ হবে তিন লাখ ৮১ হাজার ৫০৮ টাকা এবং দ্বিতীয় প্যাকেজের আওতায় খরচ হবে তিন লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

তিনি বলেন, সরকারি ব্যবস্থাপনার পাশাপাশি বেসরকারি ব্যবস্থাপনায়ও লোক হজে যেতে পারবে। এক্ষেত্রে প্রতিজনের মোট মৌলিক ব্যয় হবে (বিমান ভাড়া, ট্যাক্স, সৌদি সরকারের ফান্ড) এক লাখ ৫৬ হাজার ৫৩৭ টাকা ৭০ পয়সা। তবে এ প্যাকেজের আওতায় বাড়ি ভাড়া এবং দৈনন্দিন খাবারের খরচ এ হিসাবের বাইরে থাকবে। এ খরচ এজেন্সিগুলো ঠিক করবে।’

তিনি আরও বলেন, ‘এবারের হজ প্যাকেজের নতুন বৈশিষ্ট্য হচ্ছে সব যাত্রীকে এমআরপি পাসপোর্ট বহন করতে হবে। সব এজেন্সি সর্বনিম্ন দেড়শ’ থেকে সর্বোচ্চ তিনশ’ জনকে হজে পাঠাতে পারবেন।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘কোরবানির জন্য সৌদি সরকার নির্ধারিত ৫শ’ রিয়াল ইসলামি ডেভেলপমেন্ট ব্যাংকে (আইডিবি) প্রত্যেক হাজির জন্য জমা দিতে হবে, সৌদি সরকারের নির্ধারিত স্থানে বাড়ি ভাড়া করতে হবে, এজেন্সিগুলোকে অনলাইনে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে, সব এসেন্সিকে প্রয়োজনের অতিরিক্ত এক শতাংশ বেশি বাড়ি ভাড়া করতে হবে, হেরেমখানা থেকে দুই কিলোমিটার দূরে বাড়ি ভাড়া করলে সেখান থেকে হাজিদের যাতায়াত খরচ এজেন্সিকে বহন করতে হবে এবং হজের সময় সৌদি সরকার অনুমোদিত এলাকা ছাড়া অন্য কোনও এলাকায় বসবাস করা যাবে না।’

তিনি আরও বরেন, ‘এবছর মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন ব্যক্তি হজে যেতে পারবেন।এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ১০ হাজার জন এবং বাকিরা বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন।’

/এসআই/এসএনএইচ/টিএন/