গত তিন মাসে মন্ত্রিপরিষদ সভার ৬৯ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

গত তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর ২০১৬) অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় গৃহীত সিদ্ধান্তের মধ্যে ৬৯ শতাংশ বাস্তবায়ন করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘আজকের বৈঠকে সরকারের ২০১৬ এবং ২০১৫ সালের অক্টোবর থেকে ডিসেম্বর প্রান্তিকে মন্ত্রিসভার বৈঠক সম্পর্কিত কার্যক্রমের তুলনামূলক চিত্র তুলে ধরা হয়। গত তিনমাসে মন্ত্রিপরিষদের বৈঠক হয়েছে ১০টি। এসব বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে ১১৬টি, সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে ৮০টি বা ৬৮ দশমিক ৯৭ শতাংশ, বাস্তবায়নের প্রক্রিয়াধীন আছে ৩৬টি বা ৩১ দশমিক ০৩ শতাংশ, কর্মকৌশল ও নীতি অনুমোদন হয়েছে ৫টি, সমঝোতা স্মারক সই হয়েছে ৮টি ও সংসদে আইন পাস হয়েছে ১১টির।’

এছাড়া গত বছরের একই সময়ে ১১টি বৈঠক হয়। বৈঠকগুলোতে সিদ্ধান্ত হয়েছিল ৯৯টি, বাস্তবায়ন হয়েছিল ৬৫টি, বাস্তবায়নাধীন ছিল ৩৪টি, নীতি বা কর্মকৌশল অনুমোদন হয়েছিল ৩টি, সমঝোতা স্মারক সই হয়েছিল ১টি এবং সংসদে আইন পাস হয়েছিল ১০টির।

/এসআই/এসএনএইচ/টিএন/