শীতার্তদের কম্বল দিলো ঢাকাস্থ রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি

রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতির কম্বল বিতরণ

ছিন্নমূল অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ শুরু করেছে ঢাকাস্থ রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি (আরডিজেএডি)। এক্ষেত্রে সহযোগিতা করেছে বাংলাদেশ ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক লিমিটেড। সোমবার সকালে রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় ছিন্নমূল অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকাস্থ রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সাধারণ সম্পাদক মামুন আর রশিদ, নির্বাহী সদস্য আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সহসভাপতি মোস্তাফিজ মিশু, সাংবাদিক পরাগ, সমাজকর্মী শামীম আহমেদ প্রমুখ।

এরপর একই দিনে জেলার বাগমারা, চারঘাট, তানোর ও পুঠিয়াসহ আশপাশের এলাকায় দুঃস্থদের মাঝে আরডিজেএডির পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়।

আরডিজেএডির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জানান, রাজশাহী মহানগরী ও জেলার বিভিন্ন উপজেলায় ২০০, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁর প্রত্যেক জেলায় ১০০ করে কম্বল পর্যায়ক্রমে বিতরণ করা হবে। কম্বল বিতরণকালে আলমগীর হোসেন বলেন, মানুষ মানুষের জন্য। তাই ছিন্নমূল ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। এ দায়িত্ববোধ থেকেই উত্তরাঞ্চলের অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে রাজধানী ঢাকায় বিভিন্ন গণমাধমে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা’ (আরডিজেএডি)।

 /জিএম/টিএন/