ইকবাল সোবহানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন





সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহরের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। এছাড়া ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে জাতীয় সংসদে সংসদ সদস্য শামীম ওসমানের দেওয়া বক্তব্যেরও প্রতিবাদ জানিয়েছেন তারা।16425278_10212351781130209_
সোমবার (৩০ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে জয়বাংলা সাংবাদিক মঞ্চ আয়োজিত মানববন্ধনে সাংবাদিক নেতারা এই দাবি জানান। সাংবাদিক মঞ্চের সভাপতি জয়ন্ত আচার্যের সভাপতিত্বে কর্মসূচির সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান বাবু।
মানববন্ধনে বক্তরা বলেন, ‘সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী সমাজের শীর্ষ ব্যক্তিত্ব। এছাড়া তিনি প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। তার বিরুদ্ধে সংসদ সদস্য নিজাম হাজারীর দায়ের করা মামলা সম্পূর্ণ মিথ্যা।’ এই মিথ্যা মামলা প্রত্যাহরের দাবি জানান নেতারা।
নেতারা বলেন, ‘গণমাধ্যমের কোনও প্রতিষ্ঠান বা ব্যক্তির বিরুদ্ধে কারও অভিযোগ থাকলে তিনি প্রতিবাদ করতে পারেন অথবা প্রেস কাউন্সিলে যেতে পারেন। কিন্তু জাতীয় সংসদে একপাক্ষিকভাবে অভিযোগ এনে বক্তব্য দেওয়া সম্পূর্ণ বেআইনি।’ সংসদের যার উপস্থিতি নেই তাকে আক্রমণ করে বক্তব্য প্রদানকে শিষ্টাচারবর্জিত আচরণ বলেও মন্তব্য করেন তারা। এ ব্যাপারে নেতারা জাতীয় সংসদের স্পিকারের হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিএফইউজে মহাসচিব ওমর ফারুক, ডিইউজে সভাপতি শাবান মাহমুদ, ডিইউজে সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী প্রমুখ।
/আরএআর/টিআর/আপ-এআর/