‘দ্রুতই অভিজিৎ হত্যাকাণ্ডের অভিযোগপত্র দাখিল’

 

অভিজিৎ রায়লেখক অভিজিৎ রায় হত্যাকাণ্ড মামলায় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। মঙ্গলবার তিনি বলেছেন, ‘যারা এই হত্যাকাণ্ডে সঙ্গে জড়িত ছিল তাদের সবাইকে চিহ্নিত ও শনাক্ত হয়েছে। মূল আসামি মুকুল রানা খিলগাঁওয়ে একটি অপারেশনে নিহত হয়েছে। আট আসামি গ্রেফতার হয়েছে। বাকিদের গ্রেফতারে সর্বোচ্চ প্রচেষ্টা চলছে। আমরা আশা করি দ্রুতই অভিজিত হত্যাকাণ্ডের অভিযোগপত্র আদালতে দাখিল করতে পারবো।’ 

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে এসে তিনি এসব কথা বলেন।  

এবার বইমেলাকে ঘিরে কোনও নিরাপত্তা হুমকি নেই বলেও জানিয়েছেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, ‘কোনও লেখক বা প্রকাশক অথবা কোনও ব্যক্তি যদি বিশেষ নিরাপত্তা ঝুঁকি মনে করেন তাহলে পুলিশ কন্ট্রোল রুম বা শাহবাগ থানায় জানানো হলে তাকে নিরাপত্তা দেওয়া হবে। তিনি যতক্ষণ চাইবেন ততক্ষণ পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা করা হবে।’

এছাড়া অপ্রীতিকর ঘটনা, শ্লীলতাহানি, ছিনতাই ঠেকাতে পোষাকে পুলিশের পাশাপাশি সাদা পোশাকে বিশেষ পুলিশ সদস্যরা সার্বক্ষণিক কাজ করবে। মেলা ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার কথা জানিযেছেন ডিএমপি কমিশনার।

/আরজে/এফএস/ 

আরও পড়ুন- 


বিশেষ আনসার: প্রতিশ্রুতি বাস্তবায়নের আশায় ১৭ বছর পার