‘ঠেঙ্গার চরে রোহিঙ্গাদের জায়গা দেওয়া আত্মহত্যার শামিল’

সংসদে বাদলমিয়ানমারের রোহিঙ্গাদের নোয়াখালীর ঠেঙ্গার চরে জায়গা দিলে তা আত্মহত্যার শামিল হবে, বলে মন্তব্য করেছেন জাসদের সংসদ সদস্য মইনউদ্দীন খান বাদল। সোমবার সংসদের পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অনির্ধারিত আলোচনায় দাঁড়িয়ে বাদল বিষয়টি নিয়ে সংসদে আলোচনারও দাবি জানান।
রোহিঙ্গা জনগোষ্ঠীকে ঠেঙ্গার চরে পুনর্বাসন বাংলাদেশের পররাষ্ট্রনীতির জন্য অত্যন্ত বিপদজ্জনক উল্লেখ করে বাদল বলেন, ‘রোহিঙ্গারা একবার ঠেঙ্গার চরে ঢুকে পড়লে এদের আর ফেরত পাঠানো যাবে না। এটা করা হলে ভবিষ্যতে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকিতে পড়বে।’
বাদল আরও বলেন, ‘পত্রিকায় পড়েছি বিদেশের রাষ্ট্রদূতদের জানানো হয়েছে রোহিঙ্গাদের হাতিয়ার ঠেঙ্গার চরে পুনর্বাসন করা হবে। অস্ট্রেলিয়া পাপুয়া নিউগিনিতে একহাজার ২০০ লোক রেখেছিল, যাদের যুক্তরাষ্ট্রের নিয়ে যাওয়ার কথা। সেটা নিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত বিতর্ক হয়েছে। তারা যেখানে সামান্য পরিমাণ লোকের সমস্যার সমাধান করতে পারছে না, সেখানে আমরা ৬৫ হাজার লোক কীভাবে সামাল দেব?’

বাদল হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘রোহিঙ্গা বিষয়ে আমরা অনেক কূটনৈতিক অবস্থান নিয়েছি। এরপরও যদি রোহিঙ্গারা আমাদের ঘাড়ে সওয়ার হয়, তাহলে এত কূটনৈতিক উদ্যোগের মানে কী? মিয়ানমারের একটি শয়তানি উদ্দেশ্য আছে, তারা রোহিঙ্গাদের অন্যায়ভাবে বাংলাদেশে ঠেলে দিচ্ছে।’

পরে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেন, ‘এ বিষয়ে কেউ নোটিশ দিলে তা নিয়ে সংসদে আলোচনা হতে পারে।’

/ইএইচএস/এমও/