নতুন ইসি নিয়ে প্রশ্ন তোলা অযৌক্তিক: তথ্যমন্ত্রী

সব রাজনৈতিক দলের মত নিয়েই নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, এ কমিশন নিয়ে প্রশ্ন তোলা অযৌক্তিক, বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মঙ্গলবার সচিবালয়ে নতুন কমিশন নিয়ে সাংবাদিকদের কাছে তার প্রতিক্রিয়ায় তিনি এ কথা জানান।

নতুন কমিশন নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করছেন তথ্যমন্ত্রীইনু বলেন, ‘গণতন্ত্রকে শক্তিশালী করতে সব রাজনৈতিক দলের মত নিয়ে সংবিধান অনুসারে রাষ্ট্রপতি গঠিত নতুন নির্বাচন কমিশন গঠন করেছেন। এ নিয়ে প্রশ্ন তোলা অযৌক্তিক। যোগ্য, দক্ষ ও সৎ ব্যক্তিরাই কমিশনে নিয়োগ পেয়েছেন। তারা নিরপেক্ষ থেকে নির্বাচন পরিচালনা করতে পারবেন।’

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে সংবিধান প্রদত্ত এখতিয়ারে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করেছেন। এর আগে সব দলের মতামত নিয়েছেন। এটি রাষ্ট্রপতির মহানুভবতা। জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনই প্রধান ভূমিকা পালন করে। আর সরকার সহায়তা করে থাকে। সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচন হবে এমনটাই আমি প্রত্যাশা করি। বিএনপির আগামী নির্বাচনে না আসার আর অজুহাত থাকলো না।’

বিএনপির প্রতি নির্বাচন কমিশনারের ক্ষোভ থাকতে পারে কিনা, এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘নতুন সিইসি প্রজাতন্ত্রের কর্মকর্তা ছিলেন। তার চাকরি জীবনের বিষয়টি কারও করুণায় নয়, আইনিভাবে নিষ্পত্তি হয়েছে। সুতরাং কারও ওপর ক্ষোভ বা অনুরাগের বিষয় নেই।’

/এসএমএ/এমও/