শাজাহান খানের ভাষায়, ‘১০০ নম্বরের মধ্যে কেউ ১০ নম্বর পেলে পাশ হয় না। তাই খালেদা জিয়ার হাতে দেশ পরিচালনার দায়িত্ব দিলে তিনি সুষ্ঠুভাবে তা সম্পন্ন করতে পারবেন না। কারণ তিনি জীবনেও কোনোদিন পরীক্ষায় পাশ করতে পারেননি।’
যোগ করে নৌ-পরিবহন মন্ত্রী বলেছেন, ‘দেশের সবশ্রেণির মানুষকে ঐক্যবদ্ধ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছিলেন, তেমনই তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা দেশের সব ধর্ম-বর্ণ ও শ্রেণিপেশার মানুষকে একত্রিত করেছেন। দেশের উন্নয়নের গাড়ি দ্রুত এগিয়ে যাচ্ছে মহাসড়কে। মানুষ এখন শান্তিতে বসবাস করছে।’
শাজাহান খান মনে করেন, স্বাধীনতাবিরোধী শক্তি এখনও এদেশে সোচ্চার। জঙ্গীবাদের উত্থান এবং নারীদের লাঞ্ছিত হওয়ার ঘটনাই এর প্রমাণ দেয়। অখন্ড পাকিস্তানের সমর্থকরাই এসব করছে বলে দাবি তার। তাই এ বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
ডোম সম্প্রদায়কে উদ্দেশ্য করে নৌ-পরিবহন মন্ত্রী বলেন, ‘একটা সময় ডোম ও হরিজনের লোকেরা বাড়ির পাশের চায়ের দোকানেও চা খাওয়ার সুযোগ পেতেন না। তাদের ছেলেমেয়েদের স্কুলে ভর্তি নেওয়া হতো না। এখন আর সেসব বৈষম্যমূলক চিত্র নেই। তাই আপনাদেরও সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজ সমাজের লোকদের ভাগ্য উন্নয়নে কাজ করতে হবে।’
বাংলাদেশ ডোম সমাজ উন্নয়ন কমিটির সভাপতি মিঠু চাঁন ডোমের সভাপতিত্বে সম্মেলনে আরও ছিলেন সংসদ সদস্য পঙ্কল দেবনাথ, আয়োজক সংগঠনের প্রধান উপদেষ্টা উত্তম কুমার ভক্ত, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তাপস কুমার পাল প্রমুখ।
/আরএআর/জেএইচ/