ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধন শুরু হয়ে গেছে। ১৫ জানুয়ারি সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই নিবন্ধন কর্মসূচির উদ্বোধন করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। সভায় মন্ত্রণালয়ের সচিব আব্দুল জলিল ও বেসরকারি হজ এজেন্সি হাবের সভাপতিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোস্তফা কামাল ও তার স্ত্রী নিবন্ধন ও প্রাক নিবন্ধন করে ধর্মমন্ত্রীর কাছ থেকে নিবন্ধন সনদ গ্রহণ করেন।
মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সৌদি আরব সরকারের সঙ্গে হজ চুক্তি করতে ধর্মমন্ত্রী দেশটিতে অবস্থান করায় বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করতে দেরি হচ্ছে। কেউ কেউ এর কারণ হিসেবে প্রযুক্তিগত জটিলতার কথাও বলেছেন। তবে ধর্ম মন্ত্রণালয়ে নিযুক্ত আইটি প্রতিষ্ঠান বিজনেস অটোমেশন লিমিটেড বলছে, তাদের প্রস্তুতিতে ঘাটতি নেই। সরকারি নির্দেশ পেলেই তারা কাজ শুরু করবে।
হজ প্যাকেজ মন্ত্রিসভায় অনুমোদন হওয়ার পরেও বেসরকারি হজযাত্রীদের প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু না হওয়া প্রসঙ্গে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি নিজে দেশে ছিলাম না। সৌদি কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি করতে আমি রিয়াদে ছিলাম। হয়তো এ কারণে এটি হয়নি। তবে এটি বড় সমস্যা নয়। ১৯ ফেব্রুয়ারি থেকে প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হয়ে গেলে দেখবেন কোনও সমস্যা থাকবে না।’
ধর্মমন্ত্রী আরও বলেন, ‘আগের মতো এ বছরও ভালো হজ হবে। এ নিয়ে কোনও সন্দেহ রাখা ঠিক না। আমরা কাজ করছি। আমি নিজে প্রতিনিয়ত বিষয়গুলো নিয়ে সৌদি সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি।’
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার হজ পালনে সব হজযাত্রীকে এমআরপি (মেশিন রিডেবল পাসপোর্ট) নিয়ে যেতে হবে। প্রতিটি হজ এজেন্সি কমপক্ষে দেড়শ ও সর্বোচ্চ ৩শ হজযাত্রী পাঠাতে পারবে। এক ফ্লাইটে তিনটি মোয়াল্লেমের আওতাবহির্ভূত হজযাত্রী পাঠানো যাবে না। তিনটি এজেন্সির বেশি হজযাত্রীও এক ফ্লাইটে যেতে পারবে না। প্যাকেজের বাইরে কোরবানির জন্য আলাদা ৫শ সৌদি রিয়াল নিয়ে যেতে হবে হজযাত্রীদের। এবার শুধু বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে দেড় হাজার মার্কিন ডলার, যা গত বছরের চেয়ে ৫০ ডলার বেশি।
সূত্র আরও জানায়, গত বছর থেকে চালু হওয়া ইলেকট্রনিক হজ ব্যবস্থাপনা এবারও চলবে। প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরুর জন্য এরই মধ্যে ৯৬৪টি বৈধ হজ এজেন্সির তালিকা ও টাকা জমা দেওয়ার জন্য ২৫টি ব্যাংকের তালিকা প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়।
এ বছর সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হবে ৫ হাজার ৪০২ নম্বর সিরিয়াল থেকে। আর বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হবে এক লাখ ৪০ হাজার ৯৯৫ নম্বর সিরিয়াল থেকে।
এদিকে, সরকারি ব্যবস্থাপনার জন্যও ২০১৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। প্যাকেজে প্রত্যেকের জন্য খরচ ধরা হয়েছে ৩ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা। এ ছাড়া কোরবানির জন্য প্রত্যেককে ১০ হাজার ৭৫০ টাকা সঙ্গে নিতে হবে।
হাব এর সভাপতি ইব্রাহিম বাহার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘১৯ ফেব্রুয়ারি থেকে বেসরকারি হজযাত্রী প্রাক-নিবন্ধন শুরু হবে এবং হজযাত্রীদের আগামি ৩০ মার্চের মধ্যে টাকা পরিশোধ করতে বলা হয়েছে।’
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে এ বছর আগামী ১ সেপ্টেম্বর হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ বছর মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাবেন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ১ লাখ ১৭ হাজার ১৯৮ জন।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় দু’টি প্যাকেজের মাধ্যমে হজ পালনের বিধান রেখে গত ৩০ জানুয়ারি ‘হজ প্যাকেজ ২০১৭’-এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। অনুমোদিত প্রস্তাবে প্যাকেজ-১ এর জন্য ৩ লাখ ৮১ হাজার ৫০৮ টাকা এবং প্যাকেজ-২ এর জন্য ৩ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছরের হজের তুলনায় দুই প্যাকেজে খরচ বেড়েছে যথাক্রমে ২১ হাজার ৪৮০ টাকা ও ১৪ হাজার ৪৫২ টাকা।
/এসআই/টিআর/