বিএনপি নির্বাচনকালীন সরকার নিয়ে শোরগোল করছে: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদেরআওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচন কমিশনকে (ইসি) বিতর্কিত করতে ব্যর্থ হয়ে এখন নির্বাচনকালীন সরকার নিয়ে শোরগোল করছে। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, নির্বাচনকালীন সরকার বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশের মতোই হবে। এ সরকার সাংবিধানিকভাবেই কাজ করবে।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে ঢাকা-ফেনী-ঢাকা রুটে এনা পরিবহনের নতুন বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে সেতুমন্ত্রী এসব কথা বলেন।
দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাশে রয়েছেন বলেই একইসঙ্গে একটি মন্ত্রণালয় ও দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতে পারছেন উল্লেখ করে অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, ‘আল্লাহর রহমতে সরকারের মন্ত্রণালয়ের দায়িত্বের পাশাপাশি দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব সামাল দিচ্ছি। আসলে চাইলেই পারা যায়। প্রধানমন্ত্রী পারলে আমরা পারব না কেন?’ তিনি আরও বলেন, ‘আমি কারও নাম বলব না, তবে বাংলাদেশের অনেক নেতাই সকাল ১০টার আগে ঘুম থেকে ওঠেন না। দৈনিক সাত ঘণ্টার বেশি ঘুমানোর প্রয়োজন কারও নেই।’
যানজট নিরসনে সরকারের গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘বছর দু’য়েক পরে যানজটসহ পরিবহন খাতে বড় ধরনের পরিবর্তন আসবে। মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হবে। এর আগে এই খাতের বিশৃঙ্খলা কাটিয়ে ওঠা আমাদের জন্য চ্যালেঞ্জ।’
ফেনীতে এনার সেবাকে স্বাগত জানিয়ে মন্ত্রী বলেন, ‘নতুন নতুন সেবা চালও হওয়াটা ভালো। প্রতিযোগিতা বাড়লে জনগণের সুবিধা হয়। তখন সেবার মানও বাড়ে, ইচ্ছামতো কেউ ভাড়াও বাড়াতে পারে না।’ পরিবহন খাতে সুস্থ প্রতিযোগিতার ধারা তৈরির জন্য বাস মালিকদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, এনা পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার এনায়েতুল্লাহ, স্টারলাইন পরিবহনের মালিক ও ফেনী পৌরসভার মেয়র মো. আলাউদ্দিন প্রমুখ।

আরও পড়ুন-

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে: পলক

দিনমজুর না পেয়ে যন্ত্রপাতি কিনছে সরকার!

/ইএইচএস/টিআর/