‘আদর্শিক পরিকল্পনা নয়,বাস্তবের মুখোমুখি হতে হবে’

 

অধ্যাপক গোলাম রহমান

কেবল আদর্শিক পরিকল্পনা নয়,ঢাকাকে বাসযোগ্য করতে হলে পরিকল্পনা হতে হবে বাস্তবমুখী। ঢাকায় যে জনস্রোত এবং প্রতিদিন সেই স্রোতকে কেন্দ্র করে শহরের যে স্বাভাবিক বৃদ্ধি সেটিকে অস্বীকার করা যাবে না। এবং সেটিকে মাথায় রেখেই আমাদের পরিকল্পনা করতে হবে।

বাংলা ট্রিবিউন আয়োজিত ‘আমাদের রাস্তা, আমাদের পার্ক’ শীর্ষক বৈঠকিতে জাতীয় তথ্য কমিশনের চেয়ারম্যান ড. গোলাম রহমান এ কথা বলেন। তিনি আরও বলেন, প্রতিদিন যে পরিমাণ লোক আসছে তাতে ঢাকা কতটা ভয়াবহ হয়ে উঠছে সেটি আমাদের বিবেচনায় থাকা জরুরি। আমরা নিরাপদ পার্ক মাঠ চাই।

ড. রহমান বাস্তবের দিকে তাকিয়ে হতাশার কথা উল্লেখ করে বলেন, আমরা আশাবাদী দুই মেয়রের কাজে। উনারা বেশকিছু উদ্যোগ নিয়েছেন। কিন্তু উদ্যোগগুলোর ধারাবাহিকতা এবং স্থায়িত্ব দরকার।হকার উঠানো হলে আবারও বসে, যেখানে সেখানে নির্মান সামগ্রী, দোকানের দখলে ফুটপাত এবং এসব ঘটতে ঘটতে স্থায়ী হয়ে গেছে, এগুলোর একটি বন্দোবস্ত হওয়া জরুরি।

এসব বিবেচনায় না নিয়ে উদ্যোগ নেওয়া হলে কী হবে বলতে গিয়ে তিনি আরও বলেন, এসব ব্যবস্থা বাস্তবতার ভিত্তিতে ঠিক না করলে কাজ হবে, টাকা কাজে লাগবে, কিছু মানুষ টাকা আয় করবে, কিন্তু আসল কাজ হবে না।

মিথিলা ফারজানার সঞ্চালনায় বাংলা ট্রিবিউনের বৈঠকিতে অংশ নিচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন, বাংলা ট্রিবিউনের প্রকাশক ড. কাজী আনিস আহমেদ, পানি বিশেষজ্ঞ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অ্যামেরিটাস ড.আইনুন নিশাত, প্রধান তথ্য কমিশনার অধ্যাপক গোলাম রহমান, স্থপতি রফিক আজম, অভিনয়শিল্পী জাহিদ হাসান, এটিএন নিউজের সিইও সরকার ফিরোজ, আলোকচিত্রশিল্পী শহীদুল আলম, সাংবাদিক কামরুল ইসলাম। বৈঠকি চলবে বেলা ১টা পর্যন্ত।

সরাসরি বৈঠকি দেখতে চোখ রাখুন চ্যানেল একাত্তর- এর পর্দায় এবং এ সম্পর্কিত সব সংবাদ পড়ুন www.banglatribune.com এ।

/ইউআই/এফএএন/