‘সুষ্ঠু নির্বাচন দিয়ে ক্ষমতা থেকে সরে যান’

রুহুল কবির রিজভীসুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করে সরকারকে ক্ষমতা থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে স্বাধীনতা ফোরাম আয়োজিত ‘নবগঠিত নির্বাচন কমিশন এবং নিরপেক্ষ নির্বাচনের ভবিষ্যৎ’ শীর্ষক এক  আলোচনাসভায় তিনি এ আহ্বান জানান।

সরকারের উদ্দেশে রিজভী বলেন, ‘আপনাদের শুভবুদ্ধির উদয় হোক, একটি ভালো নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করুন। আর সেই নির্বাচন অবশ্যই নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে। কারণ দীর্ঘদিন অনাচার ও অত্যাচার চলতে পারে না। তাই ভালোয়-ভালোয় নির্বাচন দিয়ে ক্ষমতা থেকে সরে যান।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি তার দায়িত্ব পালন করতে পারেননি। এক ব্যক্তির ইচ্ছায় তিনি কে এম নুরুল হুদাকে সিইসি হিসেবে নিয়োগ দিয়েছেন।’

সদ্য বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল বিএনপির। রিজভীর অভিযোগ, রকিবউদ্দিনের সময়ের নির্বাচনের চেয়েও খারাপ নির্বাচনের জন্য নুরুল হুদাকে সিইসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের সুতা প্রধানমন্ত্রীর হাতে। প্রধানমন্ত্রী যেভাবে সুতা টানবেন, সিইসি সেভাবেই নাচবেন। নুরুল হুদার মতো আজ্ঞাবহ ও সেবাদাস ব্যক্তির অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’ 

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়েরও সমালোচনা করেছেন রিজভী। পদ্মা সেতু প্রকল্প নিয়ে যারা বিশ্বব্যাংকের স্বার্থ রক্ষা করতে গিয়ে বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন, তাদের ক্ষমা চাইতে বলেছেন প্রধানমন্ত্রী পুত্র। জয়ের উদ্দেশে রিজভী বলেন, ‘অভিযোগ করেছে বিশ্বব্যাংক। বিষয়টি তাদেরকেই বলুন।’

সরকারের বিরুদ্ধে দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ করে তিনি বলেন, ‘সরকার দেশকে দুর্নীতির স্বর্গরাজ্য বানিয়েছে। দুর্নীতি হচ্ছে সরকারের ইশতেহার ও আদর্শ, দুর্নীতিই তাদের ধ্যান-জ্ঞান।

স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ’র সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স প্রমুখ।

/আরএআর/এএআর/