সাগর-রুনি হত্যাকাণ্ডের দ্রুত সুরাহা চায় সংসদীয় কমিটি

সাগর-রুনি হত্যাকাণ্ডসাংবাদিক দ্ম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের দ্রুত সুরাহা করার সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
বৈঠক শেষে কমিটির সদস্য ফখরুল ইমাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কমিটির সভাপতি বিষয়টি বৈঠকে উত্থাপন করেছিলেন। তিনি ভারপ্রাপ্ত আইজিপি ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিষয়টি সম্পর্কে জানতে চেয়েছেন। দীর্ঘদিন পেরিয়ে গেলেও ঘটনাটির কোনও সুরাহা এখনও হয়নি। পুলিশের কর্তা ব্যক্তিরা মামলার অগ্রগতির কথা জানিয়েছেন।’ কমিটির পক্ষ থেকে এ বিষয়টির দ্রুত সুরাহা করার সুপারিশ করা হয়েছে, বলেও ফখরুল ইমাম জানান।
প্রসঙ্গত, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ভোরে রাজধানীর পশ্চিম রাজাবাজারের একটি পাঁচতলা ভবনের পঞ্চম তলার ফ্ল্যাট থেকে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনির ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেফতারের ঘোষণা দিলেও গত ৫ বছরে এর কোনও সুরাহা হয়নি।
পরের স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর হত্যাকাণ্ডের আট মাস পর এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এই খুনে জড়িত হিসেবে আটজনকে সনাক্ত করা হয়েছে এবং সাতজনকে গ্রেফতার করা হয়েছে।’ তারপরও তদন্তে অগ্রগতি না হওয়ার পর ডিবি ব্যর্থতা স্বীকার করে নিলে হাইকোর্ট র‌্যাবকে তদন্তের দায়িত্ব দেয়। তারপর চার বছর গড়ালেও এখনও এই হত্যাকাণ্ডের কূল-কিনারা হয়নি, যা নিয়ে হতাশা প্রকাশ করে আসছেন রুনির ভাই মামলার বাদী নওশের রোমানও।

এছাড়া বৈঠকের বিষয়ে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটির বৈঠকে সংসদে উত্থাপিত ‘ব্যাটালিয়ান আনসার (সংশোধন) বিল- ২০১৭’ নিয়ে আলোচনা হয়। কমিটি বিলটি পরীক্ষা করে সংসদে রিপোর্ট উপস্থাপনের জন্য সুপারিশ চূড়ান্ত করে। গত ৯ ফেব্রুয়ারি বিলটি সংসদে তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে তা পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়।

টিপু মুনশির সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, মো. শামসুল হক টুকু, মো. ফরিদুল হক খান, আবু সাঈদ আল মাহমুদ স্বপন এবং ফখরুল ইমাম অংশ নেন। এছাড়া বৈঠকে স্বরাষ্ট্র সচিব, পুলিশের ভারপ্রাপ্ত আইজি সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

/ইএইচএস/এমও/