ইসিকে সহায়তা করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)নতুন নির্বাচন কমিশনকে (ইসি) অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘নির্বাচন কমিশনকে সব ধরনের সহায়তা করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ইতিহাসে প্রথমবারের মতো নির্বাচন কমিশনার হিসাবে একজন নারীকে নিয়োগ দেওয়ায় আমরা আনন্দিত ও গর্বিত। তাদের সবাইকে আমি অভিনন্দন জানাই।’ বুধবার জাতীয় সংসদে প্রশ্ন-উত্তর পর্বে তিনি এসব কথা বলেন।

নতুন নির্বাচন কমিশনের শপথ গ্রহণের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সংবিধানের প্রতি অনুগত থেকে নতুন নির্বাচন কমিশন নিরপেক্ষ ও স্বাধীনভাবে অর্পিত দায়িত্ব পালন করে দেশবাসীর আস্থা অর্জন করতে সক্ষম হবে বলে বিশ্বাস করি।’

সার্চ কমিটির সুপারিশে রাষ্ট্রপতির নির্বাচন কমিশন গঠনের কথা মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বাছাই কমিটির অভিমত ও সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি তার নিজের প্রজ্ঞায়, স্বীয় বিবেচনায় ইতোমধ্যে নতুন নির্বাচন কমিশন গঠন করেছেন। রাষ্ট্রপতির সুদীর্ঘ রাজনৈতিক জীবনের সুগভীর প্রজ্ঞা ও সুবিবেচনার প্রতি আমাদের পরিপূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে।’

ইএইচএস/এমএনএইচ/