কক্সবাজারের সব তথ্য মিলবে ‘ওয়েবস অব কক্সবাজার’ অ্যাপসে

 

 

30640159782_f38abff31c_b

দেশে কিংবা দেশের বাইরের যে কোনও পর্যটক এখন পর্যটন নগরী কক্সবাজারের সব তথ্য একসঙ্গে পাবে ‘ওয়েবস অব কক্সবাজার’ অ্যাপসে। এছাড়া হেলপলাইনও চালু করা হয়েছে।

মঙ্গলবার বিকালে কক্সবাজার সৈকতের লাবনী পয়েন্টে উন্মুক্ত মঞ্চে অ্যাপসটি উদ্বোধন করা হয়।

‘ওয়েবস অব কক্সবাজার’ নামে এই অ্যাপসটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক ও এটুআই প্রকল্পের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার।

অনুষ্ঠানে কবির বিন আনোয়ার বলেন, ‘কক্সবাজারের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন।’

তিনি বলেন, চালু হওয়া অ্যাপসটি কক্সবাজারের পর্যটন সেবাকে হাতের মুঠোয় এনে দেবে। এই অ্যাপস এর মাধ্যমে সর্বোচ্চ পর্যটন সেবা নিশ্চিত হবে।

জেলা প্রশাসক আলী হোসেন বলেন, ‘এই অ্যাপস এ কক্সবাজারের পর্যটন সম্পর্কিত সব তথ্য রয়েছে। পর্যটকেরা মুহূর্তেই এই অ্যাপস থেকে সেবা পাবে। এতে পর্যটকদের কক্সবাজার ভ্রমণ আরও নিরাপদ ও আরামদায়ক হবে’।

প্রসঙ্গত, এই অ্যাপসে হোটেলের, গাড়ি, বিমান, বাস ভাড়াসহ সব কিছুর আপডেট তথ্য থাকবে। এছাড়াও হাসপাতালের জরুরি নম্বর, ট্যুরস অ্যান্ড ট্রাভেল গাইড, লাইভ গার্ডের তথ্যও থাকবে। অ্যাপসে থাকবে পর্যটন নগরীর ম্যাপ। এই ম্যাপ থেকে পর্যটকেরা তাদের অবস্থান ও এক জায়গা থেকে অন্য জায়গার দূরত্ব নিশ্চিত করতে পারবে। খবর বাসস।