বিজিএমইএ ভবন ভাঙা বিষয়ে আপিল শুনানি মূলতবি

বিজিএমইএ ভবনবাংলাদেশ পোশাক প্রস্তুতকারক সমিতির (বিজিএমইএ) অবৈধ ভবন ভাঙার আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা চেয়ে দায়েরকৃত রিভিউ আবেদনের শুনানি মূলতবি করেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ ‘নট টু ডে’ বলে আদেশ দেন।



আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বিজিএমইএ ভবনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী।

পরে আইনজীবীরা আগামী রবিবার বিজিএমইএ ভবন নিয়ে রিভিউ আবেদনের শুনানি হতে পারে বলে জানান।

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি রিভিউ আবেদনের শুনানির জন্য আজকের দিন ধার্য করেছিলেন আপিল বিভাগ।

গত বছরের ৮ ডিসেম্বর রিভিউ আবেদন দায়ের করে বিজিএমইএ। আবেদনে আপিল বিভাগের রায় স্থগিত করে বহুতল ভবনটি ভেঙে ফেলার জন্য তিন বছরের সময় চাওয়া হয়।

গত বছরের ৮ নভেম্বর বিজিএমইএ ভবন ভাঙার বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পায়। ওই রায়ে বলা হয়, অবিলম্বে ভাঙতেই হবে এই বহুতল অবৈধ ভবন। ভবন ভাঙার যাবতীয় খরচ বিজিএমইএকেই বহন করতে হবে।
/ইউআই/এআর/