ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা কামরুল ইসলাম জানিয়েছেন, রবিবার সকাল এগারটায় গুলিস্তানে ডিএসসিসি, পুরানা পল্টন মোড়ে বিআরটিএ ও মতিঝিল এলাকায় ঢাকা জেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করবে। পরে পুরনো ঢাকার বাহাদুরশাহ পার্ক, আজিমপুর এলাকায়ও অভিযান চালানো হবে।
ডিএসসিসি জানিয়েছে, ‘লক্কড়-ঝক্কড়’ বাসের শুধু কাগজপত্রই নয়, বাসের বাস্তব অবস্থা এবং চালকের শিক্ষাগত যোগ্যতাসহ অন্যান্য বিষয়ও যাচাই করা হবে। ত্রুটি পাওয়া গেলে সঙ্গে-সঙ্গে ব্যবস্থা নেবে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া অনির্ধারিত স্থানে পার্কিং ও যেখানে-সেখানে দাঁড়িয়ে যাত্রী তোলার বিরুদ্ধেও ব্যবস্থা নেবে আদালত।
জানা গেছে, গত ১৫ ফেব্রুয়ারি নগরভবনে অনুষ্ঠিত বিআরটিএ, ঢাকা জেলা প্রশাসন ও ডিএমপি কর্মকর্তাদের নিয়ে সমন্বয় সভা করেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। সভায় মেয়র সাঈদ খোকন ঘোষণা করেন, ১ মার্চ থেকে নগরীতে ২০ বছরের বেশি সময় ধরে চলাচলকারী বাস রাজধানীতে চলতে দেওয়া হবে না।
মেয়রের ঘোষণার পর ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ নাগকে প্রধান করে একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হয়। তিন সংস্থার কর্মকর্তারা এই কমিটির সদস্য। কমিটির প্রধান সমন্বয়ক করা হয়েছে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা কামরুল ইসলামকে। বৃহস্পতিবার নগরভবনে অনুষ্ঠিত ওযার্কিং কমিটির সভায় রবিবার থেকে মেয়াদোত্তীর্ণ বাসের বিরুদ্ধে অভিযান শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়।
ওয়ার্কিং কমিটির একাধিক সদস্য জানিয়েছেন, গত ১ মার্চ থেকে ‘লক্কড়-ঝক্কড়’ বাসের বিরুদ্ধে অভিযান শুরু করার পরিকল্পনা ছিল। কিন্তু আকস্মিকভাবে পরিবহন ধর্মঘট হওয়ায় পরিকল্পনা পরিবর্তন করা হয়।
ওএফ/এমএনএইচ/