কার্গো বিমান চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহারে যুক্তরাজ্যের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান



প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুক্তরাজ্যের ব্রিটেনের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক মন্ত্রী অলোক শর্মা (ছবি: বাসস)ঢাকা-লন্ডন (যুক্তরাজ্য) কার্গো ফ্লাইট চলাচলের সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য ব্রিটিশ সরকারের প্রতি আহ্ববান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘এই নিষেধাজ্ঞার ফলে বাংলাদেশি ব্যবসায়ীরা ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছেন।’ শনিবার গণভবনে সফররত ব্রিটেনের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়কমন্ত্রী অলোক শর্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফিংকালে
ব্রিটিশ সরকার গতবছর মার্চে নিরাপত্তা ঘাটতির কারণ দেখিয়ে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকা থেকে যুক্তরাজ্যে কার্গো ফ্লাইট চলাচল নিষিদ্ধ করে।
নিরাপত্তা ঘাটতিকে একটি বিশ্বজুড়ে ঘটমান বিষয় হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সম্প্রতি হিথ্রো বিমানবন্দরে এ ধরনের নিরাপত্তা ত্রুটি পাওয়া গেছে।’
বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, ‘প্রধানমন্ত্রী এবং ব্রিটিশ মন্ত্রী দু’দেশের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে গভীর সন্তোষ প্রকাশ করেন এবং আশা প্রকাশ করে বলেন, এই সম্পর্ক আগামী দিনে আরও জোরদার হবে।’
প্রেস সচিব বলেন, ‘তারা পারস্পরিক স্বার্থে বিশেষ করে বিমানবন্দরের নিরাপত্তা ও অবকাঠামো উন্নয়নে সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করেন।’
রোহিঙ্গা প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী রোহিঙ্গা ইস্যু সমাধানে এবং তাদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশে অস্থায়ী পুনর্বাসনে ব্রিটেনসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চেয়েছেন।’
শেখ হাসিনা ব্রিটিশ মন্ত্রীকে অবহিত কর বলেন, ‘নিবন্ধিত ও অনিবন্ধিত ৪ লাখের বেশি মিয়ানমারের নাগরিক অমানবিক অবস্থায় বাংলাদেশে বাস করছে। সরকার তাদের ভালো পরিবেশে নিরাপদ এলাকায় পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে।’
শেখ হাসিনা বলেন, ‘এই সমস্যার সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে সহযোগিতায় এগিয়ে আসতে হবে।’
সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতিতে দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ‘ইতোমধ্যেই গত বছর হলি আর্টিজান বেকারিকে হামলাকারী জঙ্গিদের বিরুদ্ধে তার সরকার সক্ষমতার প্রমাণ দিয়েছে। হলি আর্টিজানে হামলাকারী জঙ্গিদের অস্ত্র ও গোলাবারুদ সরবরাহকারীদের ইতোমধ্যেই গ্রেফতার করা হয়েছে।’
ব্রিটিশ মন্ত্রী বলেন, ‘ঢাকা থেকে যুক্তরাজ্যে পুনরায় কার্গো ফ্লাইট চালুর বিষয় দু’দেশের বিশেষজ্ঞরা একত্রে বসে সুরাহা করবে।’
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. গওহর রিজভী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, বৃটেনে বাংলাদেশের হাইকমিশনার নজমুল কাউনাইন এবং বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেক এ সময় উপস্থিত ছিলেন। সূত্র: বাসস
/এমএনএইচ/