সবচেয়ে কম রাজস্ব টেলিটক থেকে

 

টেলিটকগত ১৬ বছরে মোবাইল ফোন কোম্পানিগুলো থেকে সরকার ২৪ হাজার ৫৯৬ কোটি ৪১ লাখ টাকা রাজস্ব আদায় করেছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি জানান,  ‘মোবাইল অপারেটরদের মধ্যে সবচেয়ে বেশি রাজস্ব এসেছে গ্রামীণ ফোন থেকে। যার পরিমাণ ১১ হাজার ৩৬০ কোটি ৪৮ লাখ টাকা। সবচেয়ে কম রাজস্ব এসেছে রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিটক থেকে। যার পরিমাণ ৪৬০ কোটি ৯৮ লাখ টাকা।’ রবিবার জাতীয় সংসদে প্রশ্ন-উত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী আরও জানান, রবি আজিয়াটা থেকে ৫ হাজার ২৭৩ কোটি ৭৩ লাখ, বাংলালিংক ৫ হাজার ২০৮ কোটি ৩ লাখ, এয়ারটেল এক হাজার ৫৯৫ কোটি ৬৯ লাখ ও সিটিসেল থেকে ৬৯৭ কোটি ৫০ লাখ টাকা রাজস্ব এসেছে।’

চলতি ২০১৬-১৭ অর্থ বছরে মোবাইল কোম্পানিগুলোর রাজস্ব লক্ষ্যমাত্রা এক হাজার ৫৮২ কোটি ৮৯ লাখ টাকা বলে প্রতিমন্ত্রী জানান।

বেগম হোসনে আরা লুৎফা ডালিয়ার প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রযুক্তিগত উৎকর্ষ এবং সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় বর্তমানে দেশের প্রায় ৯৯ শতাংশ জনগোষ্ঠী এবং ৯৭ শতাংশে ভৌগলিক এলাকায় মোবাইল ফোনের নেটওয়ার্ক বিস্তার করেছে। বর্তমানে দেশে প্রায় ১২ কোটি ৮৩ লাখ সক্রিয় মোবাইল গ্রাহক রয়েছে যা দেশের মোট জনসংখ্যার প্রায় ৭০ শতাংশ।’

প্রতিমন্ত্রী আরও জানান, বর্তমানে দেশের মোট ৪৬ জেলার চার হাজার ৫২৪টি ইউনিয়ন মোবাইল অপারেটরের নেটওয়ার্কের আওতাধীন রয়েছে। তবে, পার্বত্য অঞ্চল ও দ্বীপসহ দেশের যে সব এলাকায় মোবাইল নেটওয়ার্ক বিদ্যমান নেই সেখানে ইনফ্রাস্টাকচার শেয়ারিং গাইডলাইনের অপারেটরদের টাওয়ার শেয়ার করে নেটওয়ার্ক বিস্তারের নির্দেশনা দেওয়া  হয়েছে।’ 

এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে তারানা হালিম জানান, জানুয়ারি ২০১৭ পর্যন্ত ইন্টারনেট গ্রহকের সংখ্যা ৬ কোটি ৬৭ লাখ।

আফম বাহাউদ্দিন নাছিমের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ব্যাংকিং চ্যানেলে গত ২০১৫-১৬ অর্থবছরে তার পূর্ববর্তী বছরের তুলনায় দুই হাজার ১৩৬ কোটি টাকা রেমিটেন্স কম এসেছে। ওই অর্থবছরে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স এসেছে ১ লাখ ১৬ হাজার ৮৫৭ কোটি টাকা।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্ন-উত্তর টেবিলে উপস্থাপিত হয়।

ইএইচএস/এমএনএইচ/