আগের রাতে কেউ আর ভোট দেওয়ার দুঃসাহস দেখাবেন না: ইসি সচিব

 

নির্বাচন কমিশননির্বাচন কমিশন (ইসি) যেকোনও মূল্যে সুষ্ঠু নির্বাচনে করতে বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন ইসি সচিব মোহাম্মদ আবদুল্লাহ। তিনি বলেন, ‘আগের রাতে কেউ আর ভোটের দুঃসাহস দেখাবেন না। কেউ তা দেখাতে চাইলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আগের রাতে ভোট যেন না হয়, সে জন্য মেসেজ নিয়ে আমাদের পাঁচজন কমিশনার বিভিন্ন জায়গায় গিয়েছেন। মেসেজও দিয়ে এসেছেন।’ রবিবার সাংবাদিকদের এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশন কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে সুষ্ঠু নির্বাচনে সবার সহযোগিতা চেয়ে ইসি সচিব বলেন, ‘প্রভাবশালীদের উদ্দেশে একটাই  মেসেজ, আমরা যেকোনও মূল্যে সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন করতে বদ্ধপরিকর। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা দেশকে চমৎকার একটি নির্বাচন উপহার দেব।’

কমিশনের বাড়তি সর্তকতার বিষয়ে ইসি মুখপাত্র বলেন, ‘আগের নির্বাচন কমিশনের কারণে হয়তো এটা হয়েছে। গণমাধ্যমে আগের কমিশনকে উত্থাপন করেছে বা অভিযুক্ত করেছে, এ জন্য হয়তো বাড়তি সতর্কতা।’  দেশের ১৪ উপজেলা পরিষদ ও ৪ পৌরসভায় সোমবার অনুষ্ঠিতব্য নির্বাচনের প্রস্তুতির বিষয়ে তিনি আরও বলেন, ‘সিইসিসহ কমিশনরা নির্বাচনি এলাকায় গিয়েছিলেন। তাদের মাধ্যমে আমরা অপজেটিভ একটি ফিডব্যাক পেয়েছি। আমাদের নির্বাচনি কর্মকাণ্ডের যে প্রস্তুতি আছে, তাতে শতভাগ ঠিক আছে। আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত ফোর্স মোতায়েন আছে। আমরা যেখানে থেকে যে আঙ্গিকে র‌্যাব, বিজিবি রিকুইজিশন পেয়েছি, সে অনুযায়ী মোতায়েনের ব্যবস্থা করেছি।’

৯ মার্চ আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক

গাইবান্ধা-২ ও সুনামগঞ্জ-২ আসনের উপ-নির্বাচন এবং কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন উপলক্ষে আগামী ৯ মার্চ, বৃহস্পতিবার আইনশৃঙ্খলা বৈঠক অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আবদুল্লাহ সাংবাদিকদের জানিয়েছেন। বৈঠকে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানসহ সংশ্লিষ্ট এলাকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

ইএইচএস/এমএনএইচ/