বঙ্গবন্ধুর ভাষণের তাৎপর্য বাস্তবায়নে কাজ করছে সরকার: মুক্তিযুদ্ধমন্ত্রী

৭ মার্চ উপলক্ষে আলোচনা সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হোসেন

সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের যে গুরুত্ব তা বাস্তবায়নের জন্য কাজ করছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে বিবি ফাউন্ডেশনের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ‘দর্শন-উপলব্ধিতে ঐতিহাসিক সত্য অনুসন্ধান’ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ৭ মার্চ যেদিন ভাষণ দিয়েছিলেন সেদিনের কথা আজও আমার খুব ভালোভাবে মনে পড়ে। সারাদেশ থেকে পায়ে হেঁটে লাখ লাখ মানুষ চলে এসেছিল তার ভাষণ শুনতে। সেই ভাষণই ছিল ইতিহাসের শ্রেষ্ঠ ভাষণ। তিনি সেদিন ভাষণে যা বলেছিলেন তার তাৎপর্য অনেক। আর সেই ভাষণের তাৎপর্য ধরে রাখতে তার বক্তব্যগুলো বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে।

শহীদ জিয়াউর রহমান প্রসঙ্গে তিনি বলেন, ইতিহাসের খলনায়ককে নায়কের পাশে বসালেই তিনি নায়ক হয়ে যান না। বরং তার স্থান হয় ইতিহাসের আস্তাকুঁড়ে।

এসময় তিনি বাংলাদেশ স্বাধীন হওয়ার পেছনের ইতিহাস ও স্বাধীনতার পর থেকে বর্তমান পর্যন্ত দীর্ঘ পথ চলার ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন, বিবি ফাউন্ডেশনের চেয়ারম্যান বাহাদুর ব্যাপারী। সভায় আরও বক্তব্য রাখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মো. রশিদুল আলম, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য মারুফা আখতার পপি প্রমুখ।

/আরএআর/টিএন/