বদলে গেল হেল্পলাইন: এক সুবিধা, অসুবিধা একাধিক

নারী ও শিশুদের সহায়তার জন্য চালু হেল্পলাইনটি বদলে যাচ্ছেসহজে মনে রাখার সুবিধার কারণেই নির্যাতনের শিকার নারী ও শিশুদের সহায়তায় জাতীয় হেল্পলাইন সেন্টারের নম্বর ১০৯২১ থেকে পরিবর্তন করে ১০৯ করা হয়েছে বলে জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। তবে এই পরিবর্তনে কেবল মনে রাখার একটি সুবিধা থাকলেও নারী নেত্রীরা বলছেন, এতে অসুবিধাও কম নেই। নতুন একটি হেল্পলাইন পরিচিত হয়ে উঠতে কয়েক বছর সময় চলে যেতে পারে। পরিবর্তনের ফলে আস্থার ঘাটতিও তৈরি হতে পারে। তাই এ ধরনের হেল্পলাইন তৈরির আগেই যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া জরুরি বলে অভিমত তাদের।
আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে নতুন হেল্পলাইনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে উল্লেখ করে মেহের আফরোজ চুমকি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘১০৯ নম্বরটি ‘দশ-নয়’— এভাবে মানুষ মনে রাখতে পারবে। মনে রাখার এই সুবিধার কারণেই এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।’ হেল্পলাইন পরিবর্তনের ফলে মানুষের মনে বিভ্রান্তি তৈরি হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘২০১৭ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ৬৩টি পাঠ্যপুস্তকের প্রচ্ছদে নম্বরটি দেওয়া হয়েছে; যেন নারী ও শিশুরা সহজেই সেবাটি নিতে পারে। আমরা এই আগের হেল্পলাইন জনপ্রিয় করতে পেরেছি, এবারও পারব। এতে খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়।’
যদিও নারী নেত্রী রোকেয়া কবীর মনে করেন, হেল্পলাইন প্রতিষ্ঠার আগেই এসব পরীক্ষা-নিরীক্ষা দরকার ছিল। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ ধরনের বিভ্রান্তি সাধারণ মানুষকে সুবিধা থেকে বঞ্চিত করে। দীর্ঘদিন প্রচারের মধ্য দিয়ে কোনও একটি হেল্পলাইনকে পরিচিত করে তোলার পর তার নম্বরটি বদলে দিলে তা মানুষকে বোঝাতে কষ্ট হয়। এখন তারা আগের নম্বরে ফোন করে ব্যর্থ হলে ভাববে হেল্পলাইন বোধহয় বন্ধ হয়ে গেছে।’ তিনি আরও বলেন, ‘শুরুর আগেই এসব না ভাবলে পরে কাগজে-কলমে এগুলো পরিবর্তন করতেও বেগ পেতে হয়। এটা দুঃখজনক।’
জাতীয় মহিলা আইনজীবী সমিতির প্রধান নির্বাহী সালমা আলী বলেন, ‘হেল্পলাইনের মাধ্যমে মানুষকে নিরাপত্তার বোধ দেওয়া হয়ে থাকে। সেটি বারবার পরিবর্তিত হলে আস্থার জায়গা নড়বড়ে হয়ে যাওয়ার শঙ্কা থাকে।’ প্রথম দফায় এই হেল্পলাইনকে জনপ্রিয় করে তুলতে যতটা বেগ পেতে হয়েছে, দ্বিতীয় দফায় একে পরিচিত করে তুলতে তার চেয়েও বেশি বেগ পেতে হবে বলে মন্তব্য করেন সালমা আলী।
উল্লেখ্য, যেকোনও মোবাইল ফোন বা অন্যান্য ফোন থেকে কোনও খরচ ছাড়াই সরাসরি ১০৯ নম্বরে ফোন করে আগের মতোই ২৪ ঘণ্টা সহায়তা নেওয়া যাবে। আর আগামীকাল বুধবার ৮ মার্চ পালিত হবে আন্তর্জাতিক নারী দিবস। এ বছরে দিবসটির প্রতিপাদ্য ‘নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা/ বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা’।

আরও পড়ুন-

নারী দিবসে নারীদের নেতৃত্বে বিমানের বিশেষ ফ্লাইট

ত্বকী হত্যার ৪ বছর: চার্জশিট দেওয়া হয়নি এখনও

/ইউআই/টিআর/