জঙ্গিবাদ ও সন্ত্রাসসহ আন্তঃদেশীয় অপরাধ দমনে আগামী ১২ মার্চ রবিবার ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী দক্ষিণ এশিয়া ও পাশের দেশগুলোর পুলিশ প্রধানদের সম্মেলন। ইন্টারপোল ও বাংলাদেশ পুলিশের যৌথ উদ্যোগে বাংলাদেশে প্রথমবারের মতো এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
বৃহস্পতিবার ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশের মহা পরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক এ কথা জানান।
তিনি জানান, সম্মেলনে ১৪টি দেশের পুলিশ প্রধানরা অংশ নেবেন। দেশগুলো হচ্ছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ভুটান, ব্রুনাই, চীন, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, মালয়েশিয়া, মিয়ানমার, নেপাল, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, ভিয়েতনাম।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন।
তবে জঙ্গি রাষ্ট্র হিসেবে পাকিস্তানের নাম সারা পৃথিবীতে আলোচিত হলেও এ সম্মেলনে দেশটির কোনও প্রতিনিধি উপস্থিত থাকছে না। এ বিষয়ে জানতে চাইলে আইজিপি শহীদুল হক সাংবাদিকদের জানান, ‘আমরা তাদের (পাকিস্তান) চিঠি পাঠিয়েছিলাম, কিন্তু তারা কোনও উত্তর দেয়নি।’
তিনি আরও বলেন, ‘আমাদের সঙ্গে সবসময় যাদের ( যেসব দেশের) যোগাযোগ আছে, তাদের নিয়েই এ কনফারেন্স (সম্মেলন) হচ্ছে।’
তিনি জানান, সম্মেলনে আন্তঃদেশীয় অপরাধ ও সন্ত্রাস দমনে অভিজ্ঞতা ও তথ্য বিনিময়, আন্তঃদেশীয় অপরাধ এবং সন্ত্রাস দমনে একটি সমন্বিত কৌশল প্রণয়ন, এ অঞ্চলের পুলিশ প্রধানদের মধ্যে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে একটি অভিন্ন প্ল্যাটফর্ম গঠন, দক্ষিণ এশীয় অঞ্চলের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পেশাগত ও কৌশলগত নেটওয়ার্ক গড়ে তোলা এবং দ্বিপক্ষীয় ও আঞ্চলিক সহযোগিতা নিশ্চিত করা নিয়ে আলোচনা হবে। ১৪ দেশের প্রতিনিধির যৌথ ঘোষণার মাধ্যমে এ সম্মেলন শেষ হবে বলেও জানান তিনি।
আইজিপি বলেন, ১৪ দেশের পুলিশ প্রধান ছাড়াও সম্মেলনে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিনিধিদেরও অংশ নেওয়ার কথা রয়েছে।
/টিএন/