মোবাইলে ব্যাংকিংয়ে সার্ভিস চার্জ কমানোর চেষ্টা অব্যাহত: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত (ছবি: সংগৃহীত)প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টির লক্ষ্যে মোবাইল ব্যাংকিংয়ের জন্য নতুন নীতিমালা তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘মোবাইলে ব্যাংকিংয়ের সার্ভিস চার্জ কমানোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।  নতুন নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতে এ সেবা আরও কম খরচে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে।’ শনিবার জাতীয় সংসদে প্রশ্ন-উত্তর পর্বে তিনি এ তথ্য জানান।

সরকারি দলের সংসদ সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী  বলেন, ‘প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় ব্যাংকের শাখায় যাওয়া-আসার খরচ ও সময়ব্যয়ের বিপরীতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তুলনামূলক কম খরচে গ্রাহককে ব্যাংকিং সেবা দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। মোবাইল ব্যাংকিংয়ের সার্ভিস চার্জ কমানোর জন্য বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট ব্যাংক ও মোবাইল অপারেটরের সঙ্গে একাধিকবার সভা করেছে। সরকারের এই প্রচেষ্টা অব্যাহত আছে।’ মোবাইল ব্যাংকিংয়ে দৈনিক ৬৯০ কোটি টাকা লেনদেন হয় বলে মন্ত্রী জানান।

সরকার দলের মমতাজ বেগমের প্রশ্নের জবাবে আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘গত ১০ বছরে বিনিয়োগ বেড়ে জিডিপির ২৫ দশমিক ৮ শতাংশ থেকে ২৮ দশমিক ৯ শতাংশে দাঁড়িয়েছে। চলতি অর্থবছরে বিনিয়োগ ৫ লাখ ৮ হাজার কোটি টাকার ওপরে হবে, যা জিডিপির ২৯ দশমিক ৪ শতাংশ হবে।’ তিনি বলেন, ‘২০২০ সালের মধ্যে জাতীয় আয়ে শিল্প খাতের অবদান ৩৩ শতাংশে উন্নীত করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।’

জাসদের এ কে এম রেজাউল করিম তানসেনের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘ব্যাংক খাতের অর্থ জালিয়াতি রোধে এটিএম বুথে বাধ্যতামূলকভাবে এন্টি স্কিমিং ও পিন শিল্ড ডিভাইস বসানোর নির্দেশ দেওয়া হয়েছে।’ পিনু খানের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘ইসলামী ব্যাংক ২০১৬ সালে সর্বোচ্চ ২ হাজার ২০ কোটি ৫০ লাখ টাকা পরিচালন মুনাফা অর্জন করেছে।’

ওয়াসিকা আয়শা খানের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘চলতি অর্থবছরে দেশে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ২ লাখ ৩ হাজার ১৫২ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে প্রথম ছয় মাসে আদায় হয়েছে ৭৮ হাজার ৮৪৬ কোটি টাকা।’

/ইএইচএস/ এমএনএইচ/