রাজধানীর হাজারীবাগে থাকা সবগুলো ট্যানারিগুলো বন্ধ করে দিতে দেওয়া হাইকোর্টের নির্দেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি এস কে সিনহার নেনৃত্বাধীন বেঞ্চ রবিবার (১২ মার্চ) এ আদেশ দেন।
এর আগে ৬ মার্চ হাজারীবাগের সব ট্যানারি বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। সেই সঙ্গে নির্দেশ অমান্য করে পরিবেশ দূষণকারী এসব ট্যানারির গ্যাস, বিদ্যুৎ ও পানি সংযোগ বন্ধ করে দিতেও সরকারকে নির্দেশ দেওয়া হয়।
ট্যানারি বন্ধের কাজটি করবে পরিবেশ অধিদফতর। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পরিবেশ ও বন মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় ও পুলিশের মহাপরিদর্শককে ট্যানারি বন্ধের কাজে সহায়তা করতে বলা হয়েছে। বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো সেলিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিলে আপিল করা হয়।
আদেশের পর বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) আইনজীবী সৈয়দা রেজওয়ানা হাসান সাংবাদিকদের বলেন, আদালত ট্যানারিগুলো সরিয়ে নিতে অনেকবার সময় বেধে দিলেও তারা সেই নির্দেশ না মানায় আদালত আজকে আদেশ দিয়েছেন।
বেলার রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ২০০৯ সালের জুন মাসে ট্যানারি হাজারীবাগ থেকে সাভারে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। এর জন্য ২০১১ সালের এপ্রিল পর্যন্ত সময় বেধে দিলেও এখনও অনেক কারখানা সেখানে কাজ করছে। এরপর গত বছর ডিসেম্বরে শিল্প সচিব হাজারীবাগে কাঁচা চামড়া প্রবেশ ও ট্যানারি বন্ধ করার সময়সীমা বেঁধে দিয়ে নোটিশ জারি করেন।
/এমটি/ইউআই/এসটি/