সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী টুকুর মামলা পুনঃশুনানি করতেই হবে

হাইকোর্টদুর্নীতির মামলায় সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর খালাসের রায় বাতিল করে হাইকোর্টে পুনঃশুনানির সিদ্ধান্ত রিভিউ চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। রবিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে তিন সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।

২০০৭ সালের ১৫ নভেম্বর সম্পত্তির হিসাব ও আয়ের উৎস গোপন করায় টুকুকে নয় বছরের কারাদণ্ড দেন আদালত। ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে হাইকোর্ট ২০১১ সালের ১৫ জুন তাকে খালাস দেন। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে দুদক আপিল করলে ২০১৪ সালের ২১ জানুয়ারি খালাসের রায় বাতিল করে পুনঃশুনানির আদেশ দেন আপিল বিভাগ।

আপিল বিভাগের এই রায় রিভিউ চেয়ে আবেদন করেন টুকু।

আদেশের পর দুদকের আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, ‘এখন ইকবাল হাসান মাহমুদ টুকুর আপিল হাইকোর্টে শুনানি করতেই হবে।’

৪ কোটি ৯৬ লাখ ১১ হাজার ৯১৬ টাকার সম্পত্তির হিসাব ও আয়ের উৎস গোপন করার অভিযোগে দুদকের উপ-পরিচালক শাহরিয়ার চৌধুরী ২০০৭ সালের মার্চে মোহাম্মদপুর থানায় এই মামলা দায়ের করেন।

/এমটি/ইউআই/এসএনএইচ/