সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার জন্য সোমবার (১৩ মার্চ) মেধা অন্বেষণ নীতিমালা ২০১২ সংশোধন করে নতুন নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
নীতিমালা অনুযায়ী, শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে ১৩ ও ১৪ মার্চ, উপজেলা পর্যায়ে ১৮, ১৯ ও ২০ মার্চ, জেলা পর্যায়ে ২২ মার্চ, ঢাকা মহানগরে ২৩ মার্চ, বিভাগীয় পর্যায়ে ২৪ মার্চ এবং জাতীয় পর্যায়ে ৩০ মার্চ সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় অংশ নেবেন।
ষষ্ঠ থেকে অষ্টম, নবম-দশম এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের পৃথক তিনটি বিভাগে ভাষা ও সাহিত্য, বিজ্ঞান, গণিত ও কম্পিউটার এবং বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
প্রত্যেক উপজেলা থেকে সেরা ১২ জন জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবেন। জেলার বিজয়ীরা বিভাগীয় প্রতিযোগিতায় অংশ নেবেন। চূড়ান্ত পর্যায়ে সাত বিভাগ ও ঢাকা মহানগরী থেকে নির্বাচিত ৯৬ জন জাতীয় পর্যায়ে ৩০ মার্চের প্রতিযোগিতায় অংশ নেবেন। সেরা ১২ মেধাবীর প্রত্যেককে সনদ ও এক লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে।
এছাড়া উপজেলা পর্যায়ের সেরা ১২ জনের সবাইকে এক হাজার, জেলা পর্যায়ে সেরা মেধাবীদের দেড় হাজার এবং বিভাগীয় পর্যায়ে সেরা মেধাবীদের দুই হাজার টাকা করে পুরস্কার ও সনদ দেওয়া হবে।
২০১৩ সাল থেকে শিক্ষা মন্ত্রণালয় দেশব্যাপী সৃজনশীল মেধা অন্বেষণে এ প্রতিযোগিতার আয়োজন করছে।
/এসএমএ/এমপি/