জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও-এ পুলিশের হামলার নিন্দা গণসংহতির


গণসংহতি

গ্যাসের দাম অযৌক্তিকভাবে বাড়ানোর প্রতিবাদে গণতান্ত্রিক বাম মোর্চা ও সিপিবি-বাসদের জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশি হামলা ও নির্যাতনের তীব্র প্রতিবাদ জানিয়েছেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতারা।
নেতারা গণতান্ত্রিক কর্মসূচির ওপর সরকারের এই হামলাকে ফ্যাসিবাদী মনোভাবের বহিঃপ্রকাশ হিসাবে মন্তব্য করেন। কেন্দ্রীয় কমিটির সদস্য মনির উদ্দিন স্বাক্ষরিত বিবৃতিতে এ মন্তব্য করা হয়।
বিবৃতিতে বলা হয়, জ্বালানি মন্ত্রণালয় অভিমুখে যখন বিক্ষোভ মিছিলটি এগিয়ে যাচ্ছিল পুলিশ অতর্কিতে হামলা করে। প্রথমে জলকামান ও টিয়ার গ্যাস দিয়ে আক্রমণ করে। এর পর মিছিলের ওপর রায়ট কার তুলে দেওয়ার চেষ্টা করে এবং রায়ট কার থেকে গুলি করতে করতে মিছিলকে তাড়িয়ে নিয়ে যায়। এসময় পুলিশ নেতাকর্মীদের ওপর বেধড়ক লাঠি চার্জ করে।
বিবৃতিতে দাবি করা হয়, এতে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা আবু বকর রিপন গুরুতর আহত হন। কেন্দ্রীয় নেতা বেলায়েত সিকদার, ছাত্র ফেডারেশন ঢাকা মহানগর শাখার নেতা আল মোস্তাকিম, নাইম খান, নুসরাত হক, মো. হাসিব, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আশরাফুল হক ইশতিয়াক, নারায়নগঞ্জ জেলার জাহিদুল আলম, রিয়া আক্তার, প্রতিবেশ আন্দোলনের রায়হান জামানসহ ৩০ জন আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মনির উদ্দিন জানান, আগামীকাল ১৬ মার্চ এই ঘটনার প্রতিবাদে ঢাকাসহ দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

/এসটিএস/টিএন/