রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার নাজমা এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার (১৫ মার্চ) দিবাগত রাত ২টা ৫০ মিনিটে আগুনের সূত্রপাত হয় বলে জানান ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মিজানুর রহমান। খবর পেয়ে বাহিনীর ১৮টি ইউনিট গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। এ ঘটনায় সোহাগ নামে একজন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতারের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
ওই বস্তিতে অনেক মানুষ থাকার কথা জানা গেছে। তবে অনেক টিনের ঘর পুড়তে দেখা গেলেও এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এর আগে গত বছরের ৪ ডিসেম্বর কাকরাইল বউবাজার বস্তির একাংশ থেকে ভয়াবহ আগুন লাগে। এতে ৫০০ এর বেশি পরিবারের বাড়ি ও আসবাবপত্র পুড়ে যায়। একই বছরের মার্চ মাসেও আরেকবার সেখানে আগুন লাগে।
/আরজে/এমএ/এআর/