র‌্যাব ক্যাম্পে আত্মঘাতী হামলাকারীই নিহত

আশকোনায় র‌্যাব ক্যাম্পে হামলারাজধানীর আশকোনায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নির্মাণাধীন কার্যালয়ে আত্মঘাতী হামলাকারী নিহত হয়েছে। সে ২৫ থেকে ৩০ বছরের এক যুবক। র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

মুফতি মাহমুদ খান বলেন, ‘আশকোনায় (হাজী ক্যাম্পের পাশে) র‌্যাবের নির্মাণাধীন কার্যালয়ে শুক্রবার (১৭ মার্চ) ১টার দিকে একজন পুরুষ দেয়াল টপকে প্রবেশ করার চেষ্টা করে। তখন গোসলে থাকা র‌্যাব সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে এক ব্যাক্তি নিজের সঙ্গে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়। সাথে সাথে আক্রমণকারী নিহত হয়।  এসময় র‌্যাব এর দুই জন সদস্য আহত হন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহত র‌্যাব সদস্যরা আশঙ্কামুক্ত রয়েছে।’

আশকোনা র‌্যাবের ক্যাম্প

র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরোয়ার বিন কাশেম বলেছেন, ‘জুমার নামাজের আগে ২৫-৩০ বছর বয়সী এক যুবক ক্যাম্পের সামনে বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।’

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আজম মিয়া বাংলা ট্রিবিউনকে এই হামলার তথ্য নিশ্চিত করেছেন। ওসি বলেন, ‘আশকোনার হজ ক্যাম্পের ভেতরে  র‌্যাব ক্যাম্পের ভেতরে বিস্ফোরণ হয়েছে। ভেতরে পুলিশকে অ্যালাও করা হচ্ছে না। যতদূর ধারণা করছি, আত্মঘাতী হামলা হয়েছে এবং হামলাকারী নিহত হয়েছে।’

/এআরআর/সিএ/এসটি/এফএস/

আরও পড়ুন- আশকোনায় র‌্যাবের ক্যাম্পে আত্মঘাতী হামলা, নিহত ১