আবারও সুইসাইডাল ভেস্ট

সুইসাইডাল ভেস্ট (সংগৃহীত ছবি)

আবারও সুইসাইডাল ভেস্টের মাধ্যমে আত্মঘাতী হলো এক জঙ্গি। গতবছর ডিসেম্বরে আশকোনায় হাজি ক্যাম্পের পাশের একটি বাড়িতে সুইসাইডাল ভেস্টের মাধ্যমে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় এক নারী জঙ্গি। ওই ঘটনার পর শুক্রবার ফের এই একই কায়দায় আত্মঘাতী হামলা চালালো এক জঙ্গি। এদিকে বৃহস্পতিবার (১৬ মার্চ) চট্টগ্রামের সীতাকুণ্ডে দুটি জঙ্গি আস্তানার একটিতে অভিযান চালানোর সময় পুলিশ এক আত্মঘাতী নারীসহ জঙ্গি দম্পতিকে আটক করে।

সুইসাইডাল ভেস্ট দেখতে ফতুয়া বা হাতা কাটা গেঞ্জির মতো। এটা বেল্টের মতোও হয়। যা জঙ্গি-সন্ত্রাসী আত্মঘাতী হামলা চালাতে ব্যবহার করে। এই পোশাক থাকে বিস্ফোরক ভর্তি।

২০১৬ সালের ২৪ ডিসেম্বর রাজধানীর আশকোনায় হাজি ক্যাম্পের কাছে একটি বাড়িতে কোমরে ‘সুইসাইডাল ভেস্ট’ পরে বিস্ফোরণ ঘটিয়েছিলেন  এক নারী জঙ্গি। বাড়ির ভেতরে থাকা তিনজনকে আত্মসমর্পণ করতে বললে বোকরা পরা ওই নারী ধীরে ধীরে হেঁটে ঘরে থেকে বের হন এবং বিস্ফোরণ ঘটান। তখন তাকে হাত উঁচু করতে বললে তিনি তা করেননি। বোরকা পরা থাকায় বোঝা যাচ্ছিল না তার কোমরে সুইসাইডাল ভেস্ট ছিল কিনা।

এর আগে ২০১৫ সালের ডিসেম্বরে মিরপুরের একটি জঙ্গি আস্তানা থেকে কয়েকটি সুইসাইডাল ভেস্ট উদ্ধার করেছিল পুলিশ। এছাড়া চট্টগ্রামে নৌবাহিনীর ঘাঁটি বানৌজা ঈঁসা খানের ভেতরে বানৌজা পতেঙ্গা মসজিদে বিস্ফোরণের পর আটক আবদুল মান্নানের কাছ থেকে বোমাসহ কয়েকটি সুইসাইডাল ভেস্ট উদ্ধার করা হয়।

আজ শুক্রবার রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পের ভেতরে অবস্থিত র‌্যাবের নির্মাণাধীন সদর দফতরে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটালে এতে আত্মঘাতী হামলাকারী নিহত হন। পরে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, জঙ্গি সুইসাইডাল ভেস্ট নিয়ে হামলা চালাতে নির্মাণাধীন সদর দফতরে প্রবেশের চেষ্টা করলে ‍দুজন র‌্যাব সদস্য তাকে চ্যালেঞ্জ করে। এসময় জঙ্গি বিস্ফোরণ ঘটালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

/এনএল/এআরআর/সিএ/জেইউ/ইউআই/এসটি/

আরও পড়ুন: কী আছে আত্মঘাতী জঙ্গির কালো ব্যাগে?