অধ্যাপক ড. মীজানুর রহমানকে দ্বিতীয় মেয়াদে আরও ৪ বছরের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (১৯ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে ২০১৩ সালের ২০ মার্চ জবির ভিসি হিসেবে নিয়োগ পান অধ্যাপক ড. মীজানুর রহমান। দ্বিতীয় মেয়াদে সোমবার (২০ মার্চ) থেকে তার দায়িত্ব শুরু হবে।
সহকারি সচিব আবদুস সাত্তার মিয়ার সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মো. আবদুল হামিদ ২০১২ সালের সংশোধিত আইনের ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মীজানুর রহমানকে শর্ত সাপেক্ষে দ্বিতীয় মেয়াদে ভিসি হিসেবে নিয়োগ দিতে সম্মত হয়েছেন।
শর্তে বলা হয়েছে, ভিসি হিসেবে তার মেয়াদ ৪ বছর হলেও রাষ্ট্রপতি প্রয়োজনে এর আগেই নিয়োগ বাতিল করতে পারবেন। দ্বিতীয় মেয়াদে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা পাবেন। বিধি অনুযায়ী, তিনি অন্যান্য সুযোগ-সুবিধাও ভোগ করবেন।
জানা গেছে, অধ্যাপক মীজানুর রহমানের জন্ম ১৯৫৮ সালে কুমিল্লায়। ১৯৭৩ সালের বিবিরবাজার হাইস্কুল থেকে এসএসসি, ১৯৭৫ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স করেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগে শিক্ষকতা দিয়ে তার পেশা জীবন শুরু হয়।পরে ১৯৯৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন। ১৯৯৪ সালে তিনি ভারতের আলীগড় মুসলিম ইউনিভার্সিটি থেকে বিজনেস অ্যাডমিনস্টেশন থেকে পিএইডডি লাভ করেন।
এসএমএ/এমএ/