১৬ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা দিতে সক্ষম হয়েছি: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামবাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। আমরা এখন ১৬ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা দিতে সক্ষম হয়েছি, বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। মঙ্গলবার খাদ্য ভবনে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে ‘ঝুঁকিভিত্তিক খাদ্য পরিদর্শন প্রশিক্ষণ কর্মশালা’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নানা প্রতিকূলতা অতিক্রম করে বাংলাদেশ খাদ্য নিরাপত্তার বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি লাভ করছে উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, ‘একসময় দেশে খাদ্য ঘাটতি ছিল। বর্তমানে আমরা তা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি। এখন আর উত্তরবঙ্গে মঙ্গা নেই। মানুষ আর না খেয়ে মারা যায় না।’
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রমের কথা তুলে ধরে খাদ্যমন্ত্রী বলেন, ‘২০১৩ সালে নিরাপদ খাদ্য আইন অনুমোদন দেওয়া হয়। আইনটি শ্রীলঙ্কা ও ভারতের আদলে তৈরি করা হয়েছে। সেসব দেশেও আইনটি কার্যকর করতে তিন থেকে চার বছর সময় লেগেছে। আমরাও কাজ গুছিয়েছি। ১৮টি মন্ত্রণালয়ের সমন্বয়ে এ কর্তৃপক্ষ কাজ করছে।’
মন্ত্রী বলেন, ‘দেশের প্রতিটি বিভাগে ১টি করে মোট ৮টি ল্যাবরেটরি প্রতিষ্ঠা করা হবে। সেসব ল্যাবরেটরিতে খাদ্যদ্রব্যের মান পরীক্ষা করা হবে। এখন আমরা যে কাজটি করছি, তা হলো প্রচার-প্রচারণার মাধ্যমে জনগণের মাঝে সচেতনতা তৈরি করা।’

প্রসঙ্গত যে, এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে মোট ১৩৬ জন পরিদর্শককে প্রশিক্ষণ দেওয়া হবে। যারা প্রশিক্ষণ শেষে মাঠ পর্যায়ে কাজ করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহফুজুল হক। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব কায়কোবাদ হোসেন, খাদ্য অধিদফতরের মহাপরিচালক মো. বদরুল হাসানসহ খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদফতরের বিভিন্ন শ্রেণির কর্মকর্তারা।

/এসআই/এমও/